ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রামু, উখিয়া ও পটিয়ার বৌদ্ধ বসতিতে হামলা তদন্তে ‘নিরপেক্ষ’ ব্যক্তির নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের মাধ্যমে অপরাধী চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
বুধবার রাতে বৌদ্ধ সম্প্রদায়ের একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় তিনি এই দাবি জানান। ওই ঘটনা তদন্তে বিএনপির তদন্ত দলের প্রতিবেদন চূড়ান্ত হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি চেয়ারপারসন বলেছেন, প্রকৃত ঘটনা না জেনে কারো ওপরই দোষ চাপানো উচিৎ নয়।
রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে যান কক্সবাজারের রামু ও উখিয়া এবং চট্টগ্রামের পটিয়ায় ক্ষতিগ্রস্ত বৌদ্ধ সম্প্রদায়ের একটি প্রতিনিধি দল।
তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করে খালেদা বলেন, “সরকার যদি এই ঘটনার সত্যিকার তদন্ত করতে চায়, তবে একজন নিরপেক্ষ ব্যক্তির নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করুক।
“ওই তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যাতে ভবিষ্যতে আর কেউ এমন অঘটন ঘটানোর সাহস না পায়।”
নিরপেক্ষ তদন্ত হলে প্রকৃত অপরাধীরা চিহ্নিত হবে বলে আশা প্রকাশ করেন বিরোধী নেতা।
তদন্ত নিরপেক্ষ না হলে আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে এর সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের শাস্তি দেবে বলে ঘোষণা দেন বিএনপি চেয়ারপারসন।
প্রতিনিধি দলের সদস্য উখিয়ার ভালুকিয়া বৌদ্ধ বিহারের সভাপতি দীপক বড়–য়া ক্ষতিগ্রস্ত বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষে কয়েকটি দাবি বিরোধী নেতাকে জানান।
তার মধ্যে রয়েছে- বিরোধীদলীয় নেতার ঘটনাস্থল পরিদর্শন, দলের ত্রাণ তহবিল গঠন করে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরণ, ক্ষতিগ্রস্ত বৌদ্ধদের আইনি সহায়তা দেয়া।
বৌদ্ধ সম্প্রদায়কে আশ্বস্ত করে খালেদা বলেন, চীন সফর থেকে ফিরে তিনি রামু যাবেন।
সাত দিনের সফরে আগামী ১৪ অক্টোবর খালেদা জিয়া চীন যাচ্ছেন।
ফেইসবুক পাতায় কোরআন অবমাননাকর ছবি থাকার অভিযোগ তুলে গত ২৯ সেপ্টেম্বর রাতে কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দির ও ঘরবাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুর চালায় ধর্মীয় উগ্রপন্থীরা। এরপর উখিয়া ও পটিয়ায়ও বৌদ্ধ বসতিতে হামলা হয়।
ওই ঘটনা তদন্তে প্রশাসন গঠিত তদন্ত কমিটি ইতোমধ্যে তাদের প্রতিবেদন চূড়ান্ত করেছে বলে কমিটির এক সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
সেদিনের ঘটনা বিরোধী নেতার কাছে তুলে ধরে রামুর রামকোট বৌদ্ধ তীর্থের অধ্যক্ষ প্রজ্ঞাবংশ মহাথেরো বলেন, “কী নির্মম ঘটনা ঘটেছে, তা দেখতে আপনি আমাদের বৌদ্ধ বিহারে আসবেন। আমি আপনাকে সেখানে যাওয়ার আমন্ত্রণ জানাচ্ছি।
“আমরা বৌদ্ধরা শান্তিতে বিশ্বাসী। আমরা মনে প্রাণে বিশ্বাস করি, সমস্ত জনগোষ্ঠি একই রক্তের মানুষ। তাই বিষয়টিকে রাজনৈতিকভাবে দেখলে চলবে না। সম্মিলিতভাবে একে মোকাবিলা করতে হবে।”
খালেদা জিয়া যেন রামু গিয়ে সবাইকে সম্প্রীতি নিয়ে বসবাসের অনুরোধ জানান, সে অনুরোধ করেন প্রজ্ঞাবংশ মহাথেরো।
পটিয়ার খরুলিয়া বিহারের অধ্যক্ষ ভদন্ত জ্যোতি বোধি ভিক্ষু বলেন, “আমরা আজ অসহায়। আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে আমরা দিন কাটাচ্ছি। আমাদের প্রিয় ভূমি আজ ক্ষতবিক্ষত।”
স্বরাষ্ট্রমন্ত্রীর রামুর ঘটনাস্থল পরিদর্শনের পর পটিয়ায় বৌদ্ধ বিহারে আগুন দেয়ার ঘটনা তুলে ধরে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন ভিক্ষুরা।
বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিদের বক্তব্যের পর খালেদা জিয়া বলেন, “বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। সেখানে এরকম একটি নির্মম ঘটনা কোনোভাবে মেনে নেয়া যায় না।”
“বিএনপি সব সময় আপনাদের পাশে ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে,” আশ্বাস দেন তিনি। পাশাপাশি বৌদ্ধদের দীর্ঘস্থায়ী নিরাপত্তা দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
রামুতে বিএনপির তদন্ত দলের কাজের কথা তুলে ধরে খালেদা বলেন, “এই তদন্ত টিম তদন্ত শেষে প্রতিবেদন তৈরি করেছে। কাল (বৃহস্পতিবার) তা আমার কাছে জমা দেবে। এরপর গণমাধ্যমে তা প্রকাশ করা হবে। বিদেশিদের কাছেও এই তদন্ত প্রতিবেদন পাঠানো হবে।”
বৌদ্ধ বিহারের হামলার ঘটনায় সরকারের বিশেষ করে স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিরোধী নেতা বলেন, “আপনারা (প্রতিনিধিরা) বলেছেন, ঘটনার পরও পুলিশ সেখানে আসেনি। তারা নিরব ভূমিকা পালন করেছে। তাদের এই নিরব ভূমিকা পালন সবার কাছে সন্দেহজনক।”
“এত বড় ঘটনা ঘটে গেল, পুলিশের কেন এই নিরবতা, তা অবশ্যই খুঁজে বের করতে হবে। যারা দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিয়েছে, তাদের বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নিতে হবে,” বলেন তিনি।
বিরোধীদলীয় নেতার সঙ্গে দেখা করতে যাওয়া প্রতিনিধি দলে আরো ছিলেন- রামুর বৌদ্ধ বিহারের বিশুদ্ধাবংশ ভিক্ষু, উখিয়ার বৌদ্ধ বিহারের কোলিয় বংশ ভিক্ষু, উত্তর বড়বিল বৌদ্ধ বিহারের সভাপতি বাবু সেন বড়–য়া, মরিয়া দীপংকর বৌদ্ধ বিহারের সভাপতি বাবু লাল বড়–য়া, খরুলিয়া ধর্মজ্যেতি বৌদ্ধ বিহারের সাধারণ সম্পাদক চন্দন বড়–য়া, রেজুরকুল বৌদ্ধ বিহারের সভাপতি প্রেমানন্দ বড়–য়া প্রমুখ।
রামুতে ক্ষতিগ্রস্ত বৌদ্ধ সম্প্রদায়ের কয়েজনও ছিলেন এই প্রতিনিধি দলে। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, সহসভাপতি সাদেক হোসেন খোকা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুকোমল বড়–য়াও সেখানে ছিলেন।
‘প্রকৃত ঘটনা না জেনে দোষ চাপানো উচিৎ নয়’
সোমবার রামুতে দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্যের দিকে ইঙ্গিত করে বিরোধী নেতা বলেন, “ঘটনার পর রাষ্ট্রের উচ্চ পর্যায় থেকে দোষ চাপানো হয়েছে বিরোধী দলের ওপর। প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা বা শীর্ষ পর্যায়ের কারোই প্র্রকৃত ঘটনা না জেনে কারো ওপর দোষ চাপানো উচিৎ নয়।”
রামুর হামলার পেছনে স্থানীয় বিএনপি সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে শেখ হাসিনা বলেছিলেন, , “যখন প্রশাসনসহ সকলে মিলে সবাইকে শান্ত করার চেষ্টা করল, তখন স্থানীয় সংসদ সদস্য এসে কী করলেন?
“উনি এখানে আধ ঘণ্টা ছিলেন, রাত ১২টায় চলে যান। তারপরই এ ঘটনা ঘটে। আগে এর জবাব দিতে হবে। তিনি কী বলে গিয়েছিলেন, যাতে এই আগুন দেয়া হল।”
খালেদা বলেন, “ওই ঘটনার পর পত্রিকায় কাদের ছবি এসেছে, কারা ঘটনা ঘটিয়েছে, তা প্রকাশিত হয়েছে। তবে ঘটনা না জেনে কিছু বলা উচিৎ নয়। এটা প্রকৃত তদন্তে বাধা হয়ে দাঁড়ায় বলে আমরা মনে করি।”
“দেখা গেছে, কোনো ঘটনা ঘটলে সরকার বলে, এটি বিরোধী ঘটিয়েছে। দোষ চাপানো হয় বিরোধী দলের ওপর.” যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/২৩০০ ঘ.
bdnews24