২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাস নেই, তাই বন্ধ বিদ্যুৎ উৎপাদন

গ্যাসের অভাবে চট্টগ্রামে রাষ্ট্রায়াত্ত তিনটি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধ রয়েছে, যেগুলোর মোট উৎপাদন ক্ষমতা ৬৩০ মেগাওয়াট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2012, 02:27 PM

Updated : 24 Aug 2022, 12:18 PM

উত্তম সেন গুপ্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক চট্টগ্রাম, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্যাসের অভাবে চট্টগ্রামের রাষ্ট্রায়াত্ত তিনটি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধ রয়েছে। গ্যাস ভিত্তিক এই তিন বিদ্যুৎ কেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা ৬৩০ মেগাওয়াট। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্রে জানা যায়, পিডিবি’র অধীনে চট্টগ্রাম, কক্সবাজারসহ তিন পার্বত্য জেলায় পাঁচ লাখ ৯০ হাজারেরও বেশি গ্রাহক রয়েছে । কর্ণফুলী (কাপ্তাই) জল বিদ্যুৎ কেন্দ্র, রাউজান তাপ বিদ্যুৎ কেন্দ্র, শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্রসহ চট্টগ্রামের মোট ১০টি বিদ্যুৎ কেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা এক হাজার ২৯৭ মেগাওয়াট। কিন্তু এসব বিদ্যুৎ কেন্দ্রে গ্রাহক চাহিদার (প্রায় ৭০০ মেগাওয়াট) তুলনায় বর্তমানে উৎপাদন হয় মাত্র ৪৫০ থেকে ৪৭০ মেগাওয়াট বিদ্যুৎ। চট্টগ্রামের রাষ্ট্রায়াত্ব ছয়টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে ৪২০ মেগাওয়াট ক্ষমতার রাউজান তাপ বিদ্যুৎ কেন্দ্রের দুইটি ইউনিট, ৬০ মেগাওয়াট শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্র ও ১৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার শিকলবাহা পিকিং বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন হয় গ্যাস দিয়ে। এছাড়া, হাটহাজারী বিদ্যুৎ কেন্দ্র ও দোহাজারী বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনে ফার্নেস ওয়েল ব্যবহৃত হয়। পিডিবি’র (বিতরণ-দক্ষিণাঞ্চল) জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাউজান তাপ বিদ্যুৎ কেন্দ্রের দুইটি ইউনিটে গত ৮ সেপ্টেম্বর ও ৯ অগাস্ট থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)। অন্যদিকে, শিকলবাহার ৬০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র ও ১৫০ মেগাওয়াট পিকিং বিদ্যুৎ কেন্দ্র গত ২ জুলাই এবং ১৬ সেপ্টেম্বর থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। ফলে বিদ্যুৎ কেন্দ্রগুলোতে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে বলে জানান মনিরুজ্জামান । তিনি আরো বলেন, বর্তমানে চালু বেসরকারি জুলধা বিদ্যুৎ কেন্দ্র, মালঞ্চ বিদ্যুৎ কেন্দ্র, হাটহাজারী পিকিং বিদ্যুৎ কেন্দ্র, বাড়বকুন্ড রিজেন্ট বিদ্যুৎ কেন্দ্রসহ চালুকৃত রাষ্ট্রায়াত্ব বিদ্যুৎ কেন্দ্রে মোট ৪৫০ থেকে ৪৭০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এর মধ্যে গড়ে প্রায় ৩৮০ মেগাওয়াট উৎপাদন হয় রাষ্ট্রায়াত্ব বিদ্যুৎ কেন্দ্রে। আর প্রায় ১২০ মেগাওয়াট উৎপাদন হচ্ছে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রে। বর্তমানে চট্টগ্রামে দৈনিক ১৬০ থেকে ১৭০ মেগাওয়াট লোড শেডিং হচ্ছে। কেজিডিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক জামিল এ আলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পর্যাপ্ত গ্যাস সরবরাহের অভাবে এই বিদ্যুৎ কেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। তিনি আরও জানান, বর্তমানে চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানীতে (কাফকো) গ্যাস সরবরাহ করার কারণে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে সরবরাহ বন্ধ রাখা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এইচএ/২০২০ ঘ.