২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামুর ঘটনায় সংসদের জরুরি অধিবেশন ডাকার দাবি

রামুর বৌদ্ধ মন্দির ও বসতিতে হামলার ঘটনায় জাতীয় সংসদের জরুরি অধিবেশন ডেকে নিন্দা প্রস্তাব আনার দাবি জানিয়েছে বাংলাদেশ শান্তি পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2012, 04:04 PM

Updated : 24 Aug 2022, 12:18 PM

চট্টগ্রাম, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রামুর বৌদ্ধ মন্দির ও বসতিতে হামলার ঘটনায় জাতীয় সংসদের জরুরি অধিবেশন ডেকে নিন্দা প্রস্তাব আনার দাবি জানিয়েছে বাংলাদেশ শান্তি পরিষদ। রামুর ক্ষতিগ্রস্ত বৌদ্ধ মন্দির পরিদর্শন শেষে বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির নেতৃবৃন্দ। তারা দাবি করেন, রামুর সাম্প্রদায়িক সন্ত্রাস একটি ‘পরিকল্পিত’ ঘটনা। এ ঘটনায় সরকারি দল ও বিরোধী দলকে সংসদে একত্রে বসে কথা বলারও দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে সাংবাদিক আবেদ খান বলেন, বিভিন্ন সংগঠনের বিচ্ছিন্ন পরিদর্শন রামুর ক্ষতিগ্রস্তদের আশ্বস্ত করতে পারে নি। ঘটনার পর ১১ দিন পার হয়ে গেলেও সুনির্দিষ্ট কোনো পদক্ষেপ লক্ষ্য করা যায় নি। তিনি আরও বলেন, “রামুতে যে ক্ষতি হয়েছে তা পূরণ করার মত নয়। একটি মহল মৌলবাদী শাসন কায়েম করতে চায়। তারা সংখ্যালঘুদের উপর বারবার হামলা করে। “রামুর ঘটনা দেখে মনে হয় সরকার ও প্রশাসন একসাথে কাজ করেনা।” প্রশাসনের ভেতরে যারা এ ধরনের ‘উস্কানি’ দিয়েছে তাদের খুঁজে বের করে শাস্তিরও দাবি জানান আবেদ খান। সংগঠনের সভাপতি মোজাফফর হোসেন পল্টু বলেন, রামুর ঘটনা দেখলে এখানে পাকিস্তানি হানাদার বাহিনীর প্রতিচ্ছবি পাওয়া যাবে। “এ হামলা বৌদ্ধদের উপর নয়। এ হামলা বাঙালির মুক্তিযুদ্ধ ও সার্বভৌমত্বের উপর হামলা।” হামলার সময় প্রশাসনের ভূমিকা কী ছিল তা খতিয়ে দেখার দাবি জানিয়ে তিনি বলেন, এ জন্য সরকারের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা দরকার। রামুর ঘটনাকে ‘পরিকল্পিত’ দাবি করে পল্টু বলেন, এখানে গান পাউডার কোথা থেকে এল তাও খতিয়ে দেখা দরকার। এজন্য সরকারি ও বিরোধী দলকে একসাথে কাজ করতে হবে। এ প্রসঙ্গে তিনি ভারতের বাবরি মসজিদ ও দিল্লিতে হোটেলে হামলার পর সে দেশে লোকসভার জরুরি অধিবেশন ডাকার ঘটনার উল্লেখ করেন। সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এইচএ/২১৫৫ ঘ.