২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামু তদন্তের প্রতিবেদন ‘প্রস্তুত’

কক্সবাজারের রামুতে সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে গঠিত কমিটি তাদের প্রতিবেদন তৈরি করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2012, 04:01 PM

Updated : 24 Aug 2022, 12:18 PM

কক্সবাজার, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের রামুতে সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে গঠিত কমিটি তাদের প্রতিবেদন তৈরি করেছে। তদন্ত কমিটির সদস্য কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আক্তার বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, বৃহস্পতিবারের মধ্যেই তারা তদন্ত প্রতিবেদন জমা দেবেন। তদন্তে পাওয়া তথ্য নিয়ে তিনি মুখ খোলেননি। তবে তিনি বলেন, “সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত সম্পন্ন করা হয়েছে।” তবে তদন্তকাজে জড়িত এক পুলিশ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৌদ্ধ বসতিতে ঘটনায় রোহিঙ্গা ছাড়াও দুই শতাধিক ব্যক্তির সম্পৃক্ততা পাওয়া গেছে। ভিডিওচিত্র এবং ছবি দেখে তাদের সনাক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও গত সোমবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে বলেছিলেন, ভিডিওচিত্র দেখে জড়িতদের সনাক্ত করা হবে। ফেইসবুকে কোরআন অবমাননার অভিযোগ তুলে গত ২৯ সেপ্টেম্বর রাতে রামুতে বৌদ্ধবসতিতে রাতভর তাণ্ডব চালায় র্ধর্মীয় উগ্রপন্থীরা। রামু উপজেলার সাতটি বৌদ্ধ মন্দির, প্রায় ৩০টি বাড়ি ও দোকান পুড়িয়ে দেয়া হয়। হামলা, ভাংচুর ও লুটপাট চালানো হয় আরো শতাধিক বাড়ি ও দোকানে। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন। চার সদস্যের এই কমিটির প্রধানের দায়িত্ব দেয়া হয় পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. নুরুল ইসলামকে। বুধবারের (১০ অক্টোবর) মধ্যে ওই কমিটিকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়। রামুর ঘটনা ঠেকাতে স্থানীয় প্রশাসনের ব্যর্থতা ছিল বলে ইতোমধ্যে অভিযোগ উঠেছে। রামুর ওসিকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করাও হয়। উত্তম বড়–য়া নামে রামুর এক বৌদ্ধ যুবকের ফেইসবুক প্রোফাইলে ‘কোরআন অবমাননাকর’ ছবি স্থানীয়দের দেখিয়ে আব্দুল মোক্তাদির আরিফ নামে এক তরুণ উস্কানি দেন বলে পুলিশ জানিয়েছে। মুক্তাদিরকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। এএসপি বাবুল আক্তার জানান, ঘটনার দিন বিকালে মুক্তাদির রামু বাজারে একটি মোবাইল ফোনের দোকানে বসে নিজের ফেইসবুক অ্যাকাউন্ট থেকে উত্তম বড়–য়ার প্রোফাইলে যান এবং সেইসব ‘অবমাননাকর’ ছবি স্থানীয় লোকজনকে দেখায় ও ডাউনলোড করে। পরে রাতে এর প্রতিবাদ জানিয়ে রামু বাজারে সমাবেশ করে পাঁচ শতাধিক লোক। সেই সমাবেশ থেকেই মিছিল নিয়ে বৌদ্ধ বসতিতে হামলা চালানো হয়। রামুতে বৌদ্ধ বসতিতে হামলায় জড়িত অভিযোগে আড়াই শতাধিক ব্যক্তিকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২১৫৪ ঘ.