২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপকূলীয় বাঁধ রক্ষা করে চিংড়ি চাষে কমিটি হচ্ছে

উপকূলীয় এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বাঁধের ক্ষতি না করে চিংড়ি চাষ অব্যাহত রাখার প্রক্রিয়া নির্ধারণে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2012, 02:43 PM

Updated : 24 Aug 2022, 12:18 PM

ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপকূলীয় এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বাঁধের ক্ষতি না করে চিংড়ি চাষ অব্যাহত রাখার প্রক্রিয়া নির্ধারণে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ে বুধবার অনুষ্ঠিত ‘আইলা বিধ্বস্ত এলাকায় চিংড়ি চাষের কারণে বাঁধ ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের সঙ্গে’ এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনের সভাপতিত্বে সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী মো. মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। সভা শেষে পানিসম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. সাইফুল্লাহ সভার এ সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান। তিনি জানান, কমিটি গঠনের সিদ্ধান্ত হলেও তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্টভাবে কোনো নামসহ কমিটি গঠন হয়নি। পরবর্তীতে পানি উন্নয়ন বোর্ড, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও জেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের নিয়ে এ কমিটি গঠন করা হবে। সভায় জানানো হয়, উপকূলীয় এলাকায় মানুষের জানমাল রক্ষায় অপরিহার্য পানি উন্নয়ন বোর্ডের বাঁধ কিছু সংখ্যক চিংড়ি চাষী অপরিকল্পিতভাবে যত্রতত্র কাটার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) একটি রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত চিংড়ি চাষীদের দ্বারা উপকূলীয় জেলায় কৃষি জমিতে জোর করে লবণাক্ত পানি ঢোকানো ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সভায়ও জমিতে নোনা পানি ঢোকানোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। বাঁধ রক্ষা ও চিংড়ি চাষ কিভাবে একসঙ্গে চালানো যায় সে বিষয়ে উপকূলীয় এলাকার সংসদ সদস্যরা সভায় দুই মন্ত্রীকে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানান। সংসদ সদস্য মীর শওকত আলী বাদশা, হাবিবুন নাহার, শেখ মুজিবুর রহমান, ননী গোপাল ম-ল ও সোহরাব আলী সানাসহ সংশ্লিষ্টরা সভায় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২০৪১ ঘ.