২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে গৃহবধূ খুন, স্বামী পলাতক

গাজীপুর সদর উপজেলার নগপাড়া এলাকা থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2012, 12:58 PM

Updated : 24 Aug 2022, 12:18 PM

গাজীপুর, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলার নগপাড়া এলাকা থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবর রাতে গাজীপুর সদরের নগরপাড়ার একটি ভাড়া বাড়িতে নাজমা বেগমের (৩০) লাশ পাওয়া যায়। নাজমা তৈরি পোশাক শ্রমিক সাবেক সেনা সদস্য আজিম উদ্দিনের (৪২) স্ত্রী এবং নারায়ণগঞ্জের সোনারগাও উপজেলার খিদিরপুর গ্রামের প্রয়াত আব্দুল গফুর সিকদারের মেয়ে। আজিম উদ্দিন পাবনার বেড়া উপজেলার ছোটপায়না গ্রামের নওশের আলী ওরফে কাদেরের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে। জয়দেবপুর থানার উপ-পরিদর্শক জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাড়ির ভেতর থেকে আসা পচা গন্ধ পেয়ে এলাকার লোকজন পুলিশকে জানায়। পরে পুলিশ গোসলখানার ড্রামে নাজমার লাশ পায়। লাশের মুখ থেঁতলানো এবং পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ রাতেই গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে, বলেন পুলিশ কর্মকর্তা। নাজমার পরিবারের বরাত দিয়ে এসআই জসিম উদ্দিন আরো বলেন, গাজীপুরের শ্রীপুরের মেঘনা নিট কম্পোজিট কারখানায় আজিম উদ্দিন চাকরি করতেন। গত ১ অক্টোবর স্ত্রী নাজমাকে নিয়ে তিনি গাজীপুর সদরের এই ভাড়া বাড়িতে ওঠেন। নাজমার বড়ভাই আব্দুর রশিদ সিকদার বলেন, ৫/৬ বছর আগে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সিকদার গার্মেন্টসে আজিম উদ্দিন চাকরি করতেন। একই কারখানায় তার নাজমাও চাকরি করতেন। এখানে তাদের পরিচয় এবং পরে বিয়ে হয়। এর কিছুদিন পর তারা গাজীপুর চলে আসেন। সম্প্রতি আজিমের সঙ্গে অন্য এক মহিলার সম্পর্ক গড়ে উঠলে তাদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে বলে নাজমার ভাই জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএস/ডিডি/১৮৫০ ঘ.