২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি সংলগ্ন মহাসড়কে লাশ উদ্ধার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2012, 11:25 AM

Updated : 24 Aug 2022, 12:18 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের ডেইরি ও প্রান্তিক গেইটের মাঝামাঝি নির্মাণাধীন শেখ হাসিনা হলের পেছনে আবদুর রশীদের লাশ পাওয়া যায়। আবদুর রশীদ (৪০) জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার লক্ষ্মীকুলা গ্রামের হাজের আলীর ছেলে। পেশায় অটোরিকশা চালক আবদুর রশীদ স্ত্রীসহ সাভারের সিআরপি এলাকায় ভাড়া বাসায় থাকতেন বলে পুলিশ জানিয়েছে। আশুলিয়া থানার ওসি (তদন্ত) মো. মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডেইরি ও প্রান্তিক গেইটের মাঝামাঝি এলাকায় মহাসড়কের পশ্চিম পাশে জঙ্গলের মধ্যে লাশটি পড়ে থাকতে দেখে কয়েকজন নির্মাণকর্মী আশুলিয়া থানায় খবর দেয়। দুয়েকদিন আগে রশীদকে খুন করে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে, বলেন ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭২০ ঘ.