২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক ভবনে ২ ঠিকাদারের ওপর হামলা

সড়ক ভবনে দরজা ভেঙে দুই ঠিকাদারকে পিটিয়েছে ‘ছাত্রলীগের’ কর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2012, 11:05 AM

Updated : 24 Aug 2022, 12:18 PM

ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক ভবনে দরজা ভেঙে দুই ঠিকাদারকে পিটিয়েছে ‘ছাত্রলীগের’ কর্মীরা। বুধবার দুপুর একটার দিকে সুপ্রিম কোর্ট এলাকায় অবস্থিত পুরানো সড়ক ভবনে সামনে এই ঘটনা ঘটে। সড়ক ও জনপথ বিভাগের আহত দুই ঠিকাদার মো. শাহিন হোসেন ও সবুজ মাহমুদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পুরানো সড়ক ভবনে দায়িত্ব পালনরত শাহবাগ থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আবদুল্লাহ আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আট-দশ জনের একটি দল বটতলায় (ওই এলাকায় অবস্থিত) এসে ওই দুই ঠিকাদারকে মারতে শুরু করে। তারা সড়ক ভবনের একটি কক্ষে নেন। হামলাকারীরা কক্ষের দরজা ভাঙতে শুরু করলে তারা বাথরুমে আশ্রয় নেয়। সেই দরজা ভেঙে ভেতরে ঢুকে বের করে হামলাকারীরা তাদেরকে মারধর করে। “এক পর্যায়ে আমরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এটা নিজেদের মধ্যে (সরকার সমর্থক) মারামারি। হামলাকারীরা নিজেদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের বলে পরিচয় দিয়েছে।” হামলা ঠেকাতে গিয়ে মামুনের হাত কেটে যায়। হামলাকারীদের গ্রেপ্তার না করার কারণ জানতে চাইলে তিনি কোনো জবাব দেননি। আহত শাহিন হোসেন পুলিশের গাড়িতে করে ঢাকা মেডিকেলে যাওয়ার সময় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হামলাকারীদের মধ্যে একজন বিদ্যুতকে চিনি। বাকিরা শুনেছি, এফ রহমান হলের। ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদি হাসান মোল্লা দাবি করেন, তার কোনো কর্মী সড়ক ভবনে যায়নি। “কেউ যদি ঠিকাদারি প্রতিষ্ঠানে যায়, তারাতো আমাদেরকে বলে যায় না। নাম-পরিচয় জানতে পারলে আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারি।” এর আগে গত ১২ জুন দরপত্র পেতে আধিপত্য বিস্তারের চেষ্টাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক শামীম শাহরিয়ারসহ পাঁচজন গুলিবিদ্ধ হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/১৪২৪ঘ.