ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারে বৌদ্ধ মন্দির ও ঘরবাড়িতে হামলার ঘটনার তদন্ত করবে ক্ষমতাসীন জোট সমর্থিত আইনজীবীদের জোট সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ।
বুধবার সমন্বয় পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিষদের আহ্বায়ক ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম ও সদস্য সচিব অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর নেতৃত্বে ১৬ সদস্যের একটি আইনজীবী প্রতিনিধি দল আগামী ১২ অক্টোবর কক্সবাজারের রামু, টেকনাফ ও উখিয়ায় সংগঠিত নৃশংস ও বর্বরোচিত হামলার ঘটনাস্থল পরিদর্শন করবে।
প্রতিনিধি দল হামলায় ক্ষতিগ্রস্ত বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে কথা বলার পাশাপাশি রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করবে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে আইনজীবীদের এ প্রতিনিধি দল কক্সবাজার প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করবে। পরে পুরো ঘটনা নিয়ে আইনজীবীদের একটি তদন্ত প্রতিবেদন তৈরি করা হবে।
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সংগঠক সৈয়দ মামুন মাহবুব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই প্রতিনিধি দলে রয়েছেন বার কাউন্সিলের সদস্য সৈয়দ রেজাউর রহমান, ব্যারিস্টার তানিয়া আমীর, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী, আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আবু, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহ-সভাপতি কে এম সাইফুদ্দিন আহম্মেদ, সম্পাদক মমতাজ উদ্দিন আহম্মেদ মেহেদী, সাবেক সম্পাদক নুরুল ইসলাম সুজন, মো. মাহবুব আলী, রকিবুল হক রিপন, মো. হেলাল উদ্দিন, সৈয়দ মামুন মাহবুব, মো. আলী, নজিবুর রহমান ও শেখ আলী আহম্মেদ খোকন।
ফেইসবুকে কোরআন অবমাননার অভিযোগে ২৯ সেপ্টেম্বর রাতে কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দির ও ঘরবাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুর চালায় ধর্র্মীয় উগ্রপন্থীরা। রাতভর হামলায় সাতটি বৌদ্ধ মন্দির, অন্তত ৩০টি বাড়ি ও দোকান পুড়িয়ে দেয়া হয়। হামলা, ভাংচুর ও লুটপাট চালানো হয় আরো শতাধিক বাড়ি ও দোকানে।
পরদিন চট্টগ্রামের পটিয়া এবং কক্সবাজারের উখিয়া ও টেকনাফেও একই ধরনের হামলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএইচ/এসইউ/১৫২৮ ঘ.
bdnews24