নীলফামারী, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাল্টাপাল্টি মানববন্ধন কর্মসূচির কারণে সংঘর্ষের আশঙ্কায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ১৪৪ ধারা জারি করেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম আজম।
হাঁস চুরির অভিযোগে গত ২৮ সেপ্টেম্বর গাড়াগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান বিপ্লব কুমারসহ তার লোকজন দুই শিশুকে বেঁধে ১১ ঘণ্টা ধরে নির্যাতন করে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় শিশু নির্যাতনের ঘটনায় গত ৫ অক্টোবর চেয়ারম্যানসহ ১১ জনকে আসামি করে থানায় মামলা হয়। এর প্রতিবাদে প্রতিবাদে ও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে রংপুর-ডালিয়া সড়কে গাড়াগ্রাম এলাকায় মানববন্ধন কর্মসূচি করার ঘোষণা দেয় সাবেক চেয়ারম্যান মোছাদ্দেক আলী। সেখানেই পাল্টা কর্মসূচি ডাকে চেয়ারম্যান বিপ্লব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৩৪২ ঘ.
bdnews24