২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ দশকেও আলোয় আসেনি ‘মানসিক স্বাস্থ্য আইন’

তিন দশক আগে প্রক্রিয়া শুরু হলেও মানসিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে কোনো আইন হয়নি বাংলাদেশে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2012, 06:31 AM

Updated : 24 Aug 2022, 12:18 PM

ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন দশক আগে প্রক্রিয়া শুরু হলেও মানসিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে কোনো আইন হয়নি বাংলাদেশে। এতোদিনেও এ বিষয়ে আইন না হওয়ার পিছনে একটি পক্ষের হাত রয়েছে বলে অভিযোগ মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থার। তবে আইন প্রণয়নের দায়িত্বে থাকা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্টস বলছে, সরকার যথাযথ গুরুত্ব না দেয়ার কারণেই এই বিলম্ব। প্রস্তাবিত এ আইনের নাম প্রথমে ‘মেন্টাল হেলথ অ্যাক্ট’ রাখা হলেও সর্বশেষ খসড়ায় তা ‘মেন্টাল হেলথ কেয়ার অ্যাক্ট’ করা হয়েছে যাতে মানসিকভাবে অসুস্থ ব্যক্তির মানবাধিকারসহ বিভিন্ন ক্ষেত্রে তার সুবিধা সীমিত করা হতে পারে বলে অভিযোগ উঠেছে। দেশে মানসিকভাবে অসুস্থদের সংখ্যা বৃদ্ধির প্রবণতার মধ্যে বিশেষজ্ঞরা বলছেন, এ বিষয়ক একটি আইন এখন সময়ের দাবি। ওয়েলফেয়ার সোসাইটি ফর মেন্টাল হেলথ অ্যান্ড রিহ্যাবিলিটেশনের প্রধান বদরুল মান্নান বলেন, “ওই আইনের বিষয়ে আমাদের আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। তবে যেটুকু আমরা জানতে পেরেছি, শুধু চিকিৎসার ওপর গুরুত্ব দিয়েই সাইকিয়াট্রিস্টরা এটা প্রণয়ন করছেন।” মানবাধিকারসহ মানসিক স্বাস্থ্যের বিভিন্ন দিক রয়েছে যেগুলো ওই আইনে উঠে আসা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। অবশ্য মানসিক স্বাস্থ্যের সব দিকের ওপর গুরুত্ব দিতেই প্রস্তাবিত আইনের নতুন নাম দেয়া হয়েছে বলে দাবি করেছেন সাইকিয়াট্রিস্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অধ্যাপক গোলাম রাব্বানি। বুধবার বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের আগের দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এতে তাদের অধিকার কমবে না। বরং ওই আইনে একটি বিস্তৃত দৃষ্টিভঙ্গি থেকে মানসিক স্বাস্থ্যকে দেখা হবে।” মানসিক স্বাস্থ্য বিষয়ে আইন প্রণয়নের প্রক্রিয়া শুরু হয় ১৯৮৪ সালে। এতো দিনেও এটা না হওয়ার বিষয়ে গোলাম রাব্বানি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অগ্রাধিকারের তালিকায় সবার চেয়ে নিচে থাকায় এ বিষয়ে অগ্রগতি হয়নি। তবে সাম্প্রতিক বছরগুলোতে, বিশেষ করে গত তিন বছরে এক্ষেত্রে অনেক অগ্রগতি হয়েছে জানিয়ে তিনি বলেন, এটা চূড়ান্ত করতে তারা পরামর্শক নিয়োগ দিয়েছেন। “আমরা চূড়ান্ত খসড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে দেব এবং তারপর তারা সিদ্ধান্ত নেবে এটা প্রকাশ করা হবে কি না।” সাম্প্রতিক সময়ে মানসিক স্বাস্থ্য নিয়ে জাতীয় পর্যায়ে কোনো সমীক্ষা চালানো হয়নি। তবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়ট্রিস্টের মতে, দেশে প্রতি ১০ জনে ৩ জন কোনো না কোনো ধরনের মানসিক সমস্যায় ভুগছেন। মানসিক স্বাস্থ্য সমস্যায় ভোগা ব্যক্তির সংখ্যা বাড়ার পেছনে একক পরিবারের সংখ্যা বৃদ্ধি, বেশি মাত্রায় ওষুধ সেবন ও মাদকাসক্তিকে দায়ী করা হয়। সাইকিয়ট্রিস্টদের মতে, সামাজিক নিগ্রহ ও বিধিনিষেধের ভয়ে এসব ব্যক্তি একাকিত্বে ভোগেন। “মানুষের মধ্যে এ বিষয়ে সচেতনতার অভাব এবং মানসিক সমস্যায় ভোগা ব্যক্তির প্রতি সংবেদনশীলতা না থাকায় তাদের অবস্থা আরো খারাপ হয়,” বলেন অধ্যাপক রাব্বানি। তিনি বলেন, আইনটি একবার চূড়ান্ত হলে চিকিৎসা সেবার পাশাপাশি তাদের সামাজিক সুরক্ষা নিশ্চিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এএইচ/জেকে/১২২৫ ঘ.