ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদুল আজহা উপলক্ষে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে এবার ২০টি পশুরহাট বসবে। ২০ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত চলবে এ হাট।
কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা ও অপসারণে বিভিন্ন সিটি করপোরেশন ও পৌর কর্তৃপক্ষের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠক শেষে মঙ্গলবার স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এ কথা জানান।
এছাড়া ঈদের দিন বিকালের মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণে ঢাকাসহ সব সিটি করপোরেশন ও পৌর কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান নানক।
তিনি বলেন, এ বছর প্রথম কেনার সময়ই কোরবাানির পশু বর্জ্য সংরক্ষণে ক্রেতাকে নামমাত্র মূল্যে একটি করে পলিথিন ব্যাগ সরবরাহ করা হবে। বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো (এনজিও) এ কাজে সিটি করপোরেশনকে সহায়তা করবে।
দ্রুত বর্জ্য অপসারণে ব্যাগে বর্জ্য সংরক্ষণ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে নানক বলেন, বর্জ্য অপসারণে ১৩ হাজার ৪৫০ জন পরিচ্ছন্নতা কর্মী এবং ৩০০ ট্রাক কাজ করবে।
আগামী বছর থেকে পশুর হাট ঢাকার বৃহত্তম নয়াবাজারে স্থানান্তর করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।
সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে প্রতিমন্ত্রীর সভাপতিত্বে অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহীদ খানসহ বিভিন্ন সিটি করপোরেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৫৪৫ ঘ.
bdnews24