২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তানভীরকে চিনি না, বললেন রুনির ভাই

সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তারদের মধ্যে তানভীর নামে তাদের পারিবারিক এক বন্ধু রয়েছেন বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানালেও মেহেরুন রুনির ভাই বলছেন, এই নামের কাউকে তারা চেনেন না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2012, 01:14 PM

Updated : 24 Aug 2022, 12:17 PM

ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তারদের মধ্যে তানভীর নামে তাদের পারিবারিক এক বন্ধু রয়েছেন বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানালেও মেহেরুন রুনির ভাই নওশের আলম রোমান বলছেন, এই নামের কাউকে তারা চেনেন না। মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর সাংবাদিকদের জানান, সাগর-রুনি হত্যাকাণ্ডে সন্দেহভাজন আটজনকে সনাক্ত করা হয়েছে। এর মধ্যে নিহত সাংবাদিক দম্পতির পারিবারিক বন্ধু তানভীরসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। মন্ত্রীর বক্তব্যের পর রুনির ভাই রোমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাগর ভাই ও রুনি আপার কাছে এ নাম কখনো শুনিনি এবং তাকে আমরা চিনিও না।” তবে হত্যাকাণ্ডের পর র‌্যাব ও সংবাদপত্রের মাধ্যমে এই তানভীরের নামটি শুনেছেন বলে জানান তিনি। হত্যার আট মাস পর তদন্ত নিয়ে সরকারের আনুষ্ঠানিক এই বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে রোমান বলেন, “বিষয়টি আমাদের কাছে পরিষ্কার নয়, তাই কোনো বক্তব্য দেব না।” হত্যাকাণ্ডে ‘জড়িত’ সাতজনকে গ্রেপ্তারের দাবির বিষয়ে তিনি বলেন, “দেখি, শেষ পর্যন্ত কী হয়?” স্বরাষ্ট্রমন্ত্রী সন্দেহভাজনদের নাম বললেও খুনের কারণ বিষয়ে এখনি কিছু বলতে রাজি হননি। এই বিষয়েই এখনো তদন্ত চলছে বলে সেই প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন তিনি। গত ১১ ফেব্রুয়ারি রাজধানীতে নিজের বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। এরপর রোমান বাদী হয়ে হত্যামামলা করেন। মামলার তদন্ত প্রথমে গোয়েন্দা পুলিশের হাতে থাকলেও তারা ব্যর্থতা স্বীকার করার পর এই তদন্তের দায়িত্বে আসে র‌্যাব। বর্তমানে তারাই তদন্ত চালাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১৯১০ ঘ.