শামীম আহমেদ
জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কমিশন নিয়ে মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ীদের আন্দোলনের কারণে গ্রাহকদের সমস্যা হলেও এই বিষয়ে কোনো উদ্যোগ নেই বিটিআরসির।
টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা মনে করছেন, এই সমস্যাটি মোবাইল ফোন অপারেটর ও রিচার্জ ব্যবসায়ীদের অভ্যন্তরীণ বিষয়।
তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ।
কমিশন বাড়ানোর দাবিতে আন্দোলনরত মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী অ্যাসোসিয়েশন হুমকি দিয়েছে, আগামী ১৩ অক্টোবরের মধ্যে মানা না হলে অনির্দিষ্টকালের জন্য রিচার্জ বন্ধ করে দেবেন তারা।
অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এইচ এম বদরুদ্দোজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোবাইল ফোন অপারেটরগুলো বর্তমানে প্রতি হাজারে ২৭ টাকা করে কমিশন দেয়। কমিশন ১০০ টাকা করার দাবি তাদের।
কর্মসূচি শুরু হওয়ার আগেই বিভিন্ন জেলায় স্থানীয়ভাবে ব্যবসায়ীরা রিচার্জ বন্ধ করে দিয়েছেন। জেলা শহরগুলোতে মোবাইল ফোন অপারেটরদের নিজস্ব সেবাদান কেন্দ্র পর্যাপ্ত না হওয়ায় এতে সমস্যা পোহাতে হচ্ছে গ্রাহকদের।
এই বিষয়টি নিয়ে বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন এবং গ্রাহক সেবায় কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা তা নজর রাখছেন।
সঙ্কটের সুরাহা করতে কোনো উদ্যোগ নেয়া হবে কি না- জানতে চাইলে তিনি বলেন, “কমিশন বৃদ্ধির বিষয়টি মোবাইল ফোন অপারেটর এবং রিচার্জ ব্যবসায়ীদের অভ্যন্তরীণ বিষয়।”
তবে গিয়াসউদ্দিন আশাবাদী, কমিশন নিয়ে অপারেটর ও রিচার্জ ব্যবসায়ীরা শেষ পর্যন্ত একটি আপসে আসবে।
কমিশন বাড়ানোর পাশাপাশি রিচার্জ ব্যবসায়ীদের অন্য দাবির মধ্যে রয়েছে- অ্যাসোসিয়েশনের মাধ্যমে নতুন সিম দেয়া, ভুল নম্বরে রিচার্জ করা টাকা গেলে তা ফেরতের ব্যবস্থা করা, শুধু রিচার্জ ব্যবসার সঙ্গে জড়িতদের রিচার্জের সিম দেয়া, রিচার্জের সিমের বাধ্যতামূলক জামানত বন্ধ করা ইত্যাদি।
দেশে বর্তমানে পাঁচটি জিএসএম ও একটি সিডিএমএ অপারেটর মোবাইল ফোন সেবা দিচ্ছে। বিটিআরসির হিসাবে বর্তমানে ৯ কোটি ৫৫ লাখের বেশি লোক মোবাইল ফোন ব্যবহার করছেন।
এই সমস্যার বিষয়ে প্রায় ৪ কোটি গ্রাহক সংখ্যার গ্রামীণফোনের হেড অব কর্পোরেট কমিউনিকেশন্স সৈয়দ তাহমিদ আজিজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রাহকরা যেন অসুবিধায় না পড়েন, সে বিষয়ে তারা গুরুত্ব দেবেন।
তবে এনিয়ে কথা বলতে চাইলে ‘কোনো মন্তব্য নেই’ বলে বিষয়টি এড়িয়ে যান আড়াই কোটির বেশি গ্রাহক সংখ্যার বাংলালিংকের সিনিয়র ম্যানেজার (পিআর অ্যান্ড কমিউনিকেশন্স) শেহজাদ হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/২০৪০ ঘ.
bdnews24