ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতির ১১ মামলার মধ্যে তিনটিসহ চারটি মামলায় হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদকে জিজ্ঞাসাবাদে ২৯ দিনের হেফাজতে পাঠানো হয়েছে।
সোমবার দুপুরে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর হাকিম এরফানউল্লার আদালত তিনটি মামলায় ২৪ দিনের হেফাজত মঞ্জুর করে।
এ ছাড়া অস্ত্র মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন মহানগর হাকিম কেশব রায় চৌধুরী।
দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এগার মামলার প্রতিটিতে ১০ দিন করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতের প্রসিকিউশন বিভাগে আবেদন জমা দেয়া হয়েছিল। এর মধ্যে আজ তিনটি আবেদন আদালতে উপস্থাপিত হয়েছে। এসব মামলায় আট দিন করে মোট ২৪ দিন রিমান্ড মঞ্জুর করেছে আদালত।”
ওই তিন মামলা হলো- ৮, ৯ ও ১৭ নম্বর। এই তিন মামলার তদন্ত কর্মকর্তারা হলেন দুদকের জ্যেষ্ঠ উপপরিচালক মীর জয়নুল আবেদীন শিবলী, উপপরিচালক এস এম এম আখতার হামিদ ভূঞা এবং উপসহকারী পরিচালক মো. মজিবুর রহমান।
আট নম্বর মামলায় ২৬৪ কোটি ৫৩ লাখ ৬ হাজার ৬০০ টাকা, নয় নম্বর মামলায় ২১৯ কোটি ৬০ লাখ ৬২ হাজার ২০০ টাকা এবং ১৭ নম্বর মামলায় ৪৫ কোটি ৪৮ লাখ ৪৫ হাজার টাকা জালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
রিমান্ড শুনানিতে আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ আলী আদালতকে বলেন, “কোনো প্রকার জালিয়াতি করে হলমার্ক ঋণ নেয়নি। সঠিক কাগজপত্র দেখিয়ে ওই ঋণ নেয়া হয়েছে। আমরা ঋণ নিয়েছি। ঋণ ফেরতও দেয়া হবে। আমরা ঋণের শর্ত ভঙ্গ করিনি।”
এ সময় দুদকের আইনজীবী রফিকুল ইসলাম বেনু ওই আইনজীবীর বক্তব্যের বিরোধিতা করলে দুই পক্ষের আইজীবীদের মধ্যে বাদানুবাদ ও উত্তেজনা দেখা দেয়।
পরে মোহাম্মদ আলী বলেন, “এ মামলা কোনোভাবেই দুর্নীতি দমন আইন কিংবা মুদ্রা পাচারে হতে পারে না। এ মামলার ঘটনায় দেওয়ানি মামলা হতে পারে।”
ঋণ প্রক্রিয়ায় অনুমোদন দেয়া কর্মকর্তাদের গ্রেপ্তারের দাবিও জানান তিনি।
জবাবে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, “সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ কয়েকজন ঊর্ধতন ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।”
আদালতকে তিনি জানান, ভুয়া কাগজপত্র দেখিয়ে সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে এক হাজার ৫৬৮ কোটি ৪৯ লাখ ৩৪ হাজার ৮৭৭ টাকা আত্মসাৎ করা হয়েছে। আনোয়ারা স্পিনিং মিল দেখিয়ে ঋণ নেয়া হলেও ওই মিলের কোনো অস্তিত্বই নেই। একইভাবে হলমার্কও নাম সর্বস্ব একটি প্রতিষ্ঠান।
এ সময় আসামি পক্ষের আইনজীবী কাজী নজিবুল্লা হীরু বলেন, “বিচারক এবং আইন আমাকে দুই একটি সত্য কথা বলার অধিকার দিয়েছে, তা আমাকে বলতে হবে। রিমান্ড চাওয়ার প্রয়োজনীয় কাগজপত্র অর্থাৎ কেস ডকেট ছাড়া রিমান্ড আবেদন করা যায় না। প্রসিকিউশন পক্ষ থেকে বলা হয়েছে যে, সব প্রতারণা, এগুলো জলের মত পরিষ্কার। তাহলে হেফাজতে নেয়ার দরকার কী। এখনই দুদক অভিযোগপত্র দিয়ে দিক।”
দুর্নীতি দমন কমিশন আইনে রিমান্ডে নেয়ার কোনো বিধান নেই বলেও আদালতে জানান তানভীরের এক আইনজীবী।
এর বিরোধিতা করে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, “দুদক আইনে রিমান্ডের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রয়োগ করার কথা বলা হয়েছে। ফলে এতে আইনি কোনো বাধা নেই।”
আদালতে হলমার্কের পক্ষের আইনজীবীদের মধ্যে মোহাম্মদ আলী যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর এবং নজিবুল্লাহ হিরু আওয়ামী আইনজীবী পরিষদ নেতা।
যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত উপস্থাপিত তিনটি মামলায় আট দিন করে মোট ২৪ দিন রিমান্ড মঞ্জুর করে।
কারসাজির মাধ্যমে সোনালী ব্যাংকের ১ হাজার ৫৬৮ কোটি ৪৯ লাখ ৩৪ হাজার ৮৭৭ টাকা আত্মসাতের অভিযোগে বৃহস্পতিবার তানভীরসহ ২৭ জনের বিরুদ্ধে এই তিনটি মামলাসহ ১১টি মামলা করে দুদক।
আসামিদের মধ্যে সাত জন হলমার্ক এবং বাকিরা সোনালী ব্যাংকের কর্মকর্তা। ১৮ থেকে ২০ নভেম্বরের মধ্যে এসব মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেছে আদালত।
অস্ত্র মামলায়ও রিমান্ডে তানভীর
দুদকের ১১ মামালার পর পর রোববার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর মিরপুর থেকে হলমার্কের কর্ণধারকে গ্রেপ্তার করে র্যাব। এ সময় তার কাছ থেকে ব্ল্যাকবেরি ফোন সেট, একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি এবং দুই লাখ টাকা পাওয়া গেছে বলে র্যাব জানিয়েছে।
পরে অবৈধ অস্ত্র রাখার দায়ে র্যাবের ডিআইডি লিয়াকত হোসেন বাদী হয়ে তানভীরের বিরুদ্ধে পল্লবী থানায় অস্ত্র আইনে একটি মামলা করেন। এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন হেফাজতে নেয়ার আবেদন করেছিল র্যাব।
শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে।
আদালতে হাজির করার আগে জিজ্ঞাসাবাদ করার জন্য সোমবার দুপুরে তাকে দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে নেয়া হয়। তার ভায়রা ও হলমার্কের মহা ব্যবস্থাপক তুষার আহমেদকেও সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদের পর দুদকের তদন্ত দলের প্রধান মীর জয়নুল আবেদীন শিবলী বলেন, “দুজনকে জিজ্ঞাসাবাদ করেছি। আজকে তারা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন যা আগেরবার বলেননি। তথ্যগুলো তদন্তে কাজে লাগবে।”
তানভীর জিজ্ঞাসাবাদের অর্থ কেলেঙ্কারির দায় শিকার করেছেন বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/এএল/১৭০৭ ঘ.
bdnews24