ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম ও টেকনাফে বৌদ্ধ বিহারে হামলায় ‘আন্তর্জাতিক ষড়যন্ত্র’ দেখছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)।
সোমবার সিপিবি কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দল দুটির নেতারা এমন মন্তব্য করেন।
ফেইসবুকে কোরআন অবমাননার অভিযোগ তুলে গত ২৯ সেপ্টেম্বর রাতে কক্সবাজারের রামুতে বৌদ্ধ বিহার ও ঘরবাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় ধর্মীয় উগ্রপন্থীরা। সেখানে সাতটি বৌদ্ধ মন্দির এবং অন্তত ৩০টি বাড়ি ও দোকান পুড়িয়ে দেয়া হয়।
পরদিন চট্টগ্রামের পটিয়া এবং কক্সবাজারের উখিয়া ও টেকনাফেও হিন্দু ও বৌদ্ধ মন্দিরে হামলার ঘটনা ঘটে।
গত ৫ অক্টোবর সিপিবি এবং বাসদের ১০ সদস্যের একটি প্রতিনিধিদল আক্রান্ত এলাকা পরিদর্শনে যায়। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে প্রতিনিধি দলের অভিজ্ঞতা বর্ণনা করার জন্য সোমবারের এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
প্রতিনিধি দলের সদস্য বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশিদ ফিরোজ বলেন, “ঘটনার পরে স্থানীয়দের সাথে কথা বলে এবং ঘটনাস্থল পরিদর্শন করে আমাদের মনে হয়েছে এ ঘটনা পরিকল্পিত এবং এর সাথে আন্তর্জাতিক একটি ষড়যন্ত্র রয়েছে।”
“এ ঘটনার আগে মার্কিন রাষ্ট্রদূত মজীনা বেশ কয়েকবার পার্বত্য সীমান্তবর্তী এলাকা পরিদর্শন করেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মেরিন সেনাদের ৫০ সদস্যের একটি দল বাংলাদেশ সফর করে। তাদের এ অঞ্চল নিয়ে এতো উৎসাহ কেন?”
ফিরোজের মতে, “যুক্তরাষ্ট্র অনেক আগে থেকেই বাংলাদেশের সমুদ্রসীমায় নিজেদের আধিপত্য বিস্তার করতে চাচ্ছে। যুক্তরাষ্ট্র থেকে কোন কূটনীতিক বাংলাদেশ সফরে এলে প্রথমেই ওই অঞ্চল পরিদর্শন করেন। মিয়ানামারের রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেয়ার জন্য তারা প্রথম থেকেই চাপ দিয়ে আসছিল।”
‘অহিংস বৌদ্ধ ধর্মাবলম্বীদের’ ওপর এ হামলাকে ‘মধ্যযুগীয় বর্বরতার’ সঙ্গে তুলনা করেন সিপিবি’র সভাপতিমণ্ডলীর সদস্য শাহ আলম।
তিনি বলেন, “ঘটনার আগে বিভিন্ন এলাকা থেকে লোকজন খ- খ- ভাবে এ এলাকায় আসে। ঘটনার দিন প্রায় তিন ঘণ্টা রামুর বৌদ্ধ বিহারগুলোতে তাণ্ডব চলে, অথচ এ সময় প্রশাসনের ভূমিকা ছিল নীরব।”
“স্থানীয়দের মতে, ওই তাণ্ডব চালানোর আগে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় যেখানে স্থানীয় উপজেলা চেয়ারম্যান সারোয়ার এবং স্থানীয় আওয়ামী লীগ, বিএনপি এবং জামায়াত এ ইসলামী নেতারা উস্কানিমূলক বক্তব্য রাখেন। স্থানীয় সংসদ সদস্যের নেতৃত্বে মোটর সাইকেল মিছিলও অনুষ্ঠিত হয়।”
এ ঘটনার সঙ্গে উগ্রপন্থী ও সা¤্রাজ্যবাদী শক্তির সম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
ঘটনার পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে মন্তব্য করে শাহ আলম বলেন, “১৬৬৫ সালের আগ পর্যন্ত চট্টগ্রাম আরাকানের অংশ ছিলো। আর এ কারণে যুক্তরাষ্ট্রের সহায়তায় সম্প্রতি এ অঞ্চলকে বাংলাদেশ থেকে পৃথক করে একটি ‘বাফার স্টেট’ গঠন করার ষড়যন্ত্র চলছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এএল/১৬৩৯ ঘ.
bdnews24