তানভীরকে হেফাজতে চায় দুদক
সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতির ১১ মামলায় হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদকে ১০ দিন করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করছে দুর্নীতি দমন কমিশন।
ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতির ১১ মামলায় হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এগার মামলার প্রতিটিতে ১০ দিন করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতের প্রসিকিউশন বিভাগে আবেদন জমা দেয়া হয়েছে। এর মধ্যে আজ দুটি আবেদন আদালতে উপস্থাপন করা হবে। বাকিগুলো তোলা হবে পর্যায়ক্রমে।”
দুপুরে মহানগর হাকিম এরফানউল্লার আদালতে এই রিমান্ড আবেদনের বিষয়ে শুনানি হতে পারে বলে দুদকের আইনজীবী জানান।
কারসাজির মাধ্যমে সোনালী ব্যাংকের ১ হাজার ৫৬৮ কোটি ৪৯ লাখ ৩৪ হাজার ৮৭৭ টাকা আত্মসাতের অভিযোগে গত বৃহস্পতিবার তানভীরসহ ২৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা করে দুদক।
আসামিদের মধ্যে সাত জন হলমার্ক এবং বাকিরা সোনালী ব্যাংকের কর্মকর্তা। ১৮ থেকে ২০ নভেম্বরের মধ্যে ওই ১১টি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেছে আদালত।
মামলা হওয়ার দুদিন পর রোববার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর মিরপুর থেকে হলমার্কের কর্ণধারকে গ্রেপ্তার করে র্যাব। আদালতে হাজির করার আগে জিজ্ঞাসাবাদ করার জন্য সোমবার দুপুরে তাকে দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে নেয়া হয়। তার ভায়রা ও হলমার্কের মহা ব্যবস্থাপক তুষার আহমেদকেও সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদের পর দুদকের তদন্ত দলের প্রধান মীর জয়নুল আবেদীন শিবলী বলেন, “দুজনকে জিজ্ঞাসাবাদ করেছি। আজকে তারা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন যা আগেরবার বলেননি। তথ্যগুলো তদন্তে কাজে লাগবে।”
তানভীর জিজ্ঞাসাবাদের অর্থ কেলেংকারীর দায় শিকার করেছেন বলে তিনি জানান।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/১৫১২ ঘ.
