লিটন হায়দার
অপরাধ বিষয়ক প্রধান প্রতিবেদক
ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনায় হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার রাত সাড়ে ৯টার দিকে মিরপুর থেকে তানভীরকে গ্রেপ্তার করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন র্যাবের মুখপাত্র এম সোহায়েল।
তিনি বলেন, রাত সাড়ে ৯টার দিকে মিরপুর ৬ নম্বর সেকশনের ২ নম্বর সড়কের একটি বাড়ি থেকে তানভীরকে গ্রেপ্তার করা হয়।
পাঁচতলা ওই ভবনের চার তলায় দুই কক্ষের একটি ফ্ল্যাটে পাভেল নামে এক ব্যক্তির বাড়িতে ছিলেন হলমার্ক এমডি।
তবে পাভেলকে নিজে চেনেন না দাবি করে তানভীর র্যাবকে বলেছেন, তার প্রতিষ্ঠানের এক কর্মকর্তা তাকে এই বাড়িতে এনে তোলেন।
তানভীরের সঙ্গে তার ভায়রা তুষার আহমেদকেও গ্রেপ্তার করা হয়েছে বলে এম সোহায়েল জানান।
ওই বাড়ি থেকে ব্ল্যাকবেরি ফোন সেট, একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি এবং দুই লাখ টাকা পাওয়া গেছে বলে র্যাব জানিয়েছে।
কারসাজির মাধ্যমে সোনালী ব্যাংকের ১ হাজার ৫৬৮ কোটি ৪৯ লাখ ৩৪ হাজার ৮৭৭ টাকা আত্মসাতের অভিযোগে মামলার দুদিন পর হলমার্কের কর্ণধারকে গ্রেপ্তার করা হল।
গত বৃহস্পতিবার তানভীরসহ ২৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা করে দুর্নীতি দমন কমিশন। আসামিদের মধ্যে সাত জন হলমার্ক এবং বাকিরা সোনালী ব্যাংকের কর্মকর্তা।
ওই ১১টি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে ১৮, ১৯ ও ২০ নভেম্বর তারিখ দিয়েছে রোববারই দিয়েছে আদালত।
সরকারি বার্তা সংস্থা বাসস জানিয়েছে, শনিবার গভীর রাতেও তানভীরকে গ্রেপ্তারে সাভারের হেমায়েতপুর নন্দখালী এলাকায় তানভীর মাহমুদের বাংলোতে তল্লাশি চালানো হয়। তবে তাকে সেখানে পাওয়া যায়নি।
র্যাব-৪ সাভার নবীনগর ক্যাম্পের কমান্ডার তাহসিন সালেহীন জানান, তানভীর মাহমুদ সাভারের হেমায়েতপুরে তার নিজস্ব কারখানায় অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়। রাত আড়াইটা থেকে ভোর ৫টা পর্যন্ত অভিযান চলে।
পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান হলমার্ক অনিয়মের মাধ্যমে সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে আড়াই হাজার কোটি টাকা ঋণ নিয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে প্রকাশ পেলে তা নিয়ে দেশব্যাপী তুমুল আলোচনা ওঠে।
এরপর দুর্নীতি দমন কমিশন বিষয়টি তদন্তের উদ্যোগ নেয়। তানভীরের পাশাপাশি গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামকেও জিজ্ঞাসাবাদ করে দুদক।
হলমার্ক কর্মকর্তাদের পাশাপাশি সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সাবেক সদস্যসহ কয়েকজন কর্মকর্তাকেও জিজ্ঞাসাবাদের পর মামলা করে দুদক।
হলমার্কের এই কেলেঙ্কারি নিয়ে বিএনপি সরকারের সমালোচনা করে আসছে। তানভীর প্রধানমন্ত্রীর উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলীর ‘মদদ’ পেয়েছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা।
তবে সৈয়দ মোদাচ্ছের আলীসহ সরকারি দলের নেতারা এই অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/এমআই/২৩৪৪ ঘ.
bdnews24