২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘তখন কোথায় ছিলেন ব্যারিস্টার রোকন’

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সভায় রোকনউদ্দিন মাহমুদের বক্তব্যের প্রতিক্রিয়ায় ওয়ান-ইলেভেনের সময় তার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2012, 02:11 PM

Updated : 24 Aug 2022, 12:17 PM

ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সভায় রোকনউদ্দিন মাহমুদের বক্তব্যের প্রতিক্রিয়ায় ওয়ান-ইলেভেনের সময় তার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ব্যারিস্টার রোকন গত শুক্রবারের সভায় সরকার সমর্থক আইনজীবী সংগঠনগুলোর জোটে বিভেদের জন্য আইনমন্ত্রী শফিক আহমেদ ও অ্যাটর্নি জেনারেলকে দোষী করে বক্তব্য রাখেন। ওই সভায় অনুপস্থিত মাহবুবে আলম রোববার তার কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “আমি বলতে চাই ওয়ান-ইলেভেনের সময় উনি (রোকনউদ্দিন) কোথায় ছিলেন। আমি, আইনমন্ত্রী- আমরা তো নেত্রীর মামলা করতে হাজির হয়েছিলাম। “উনি কেন জননেত্রী শেখ হাসিনার মামলার ফাইলগুলো ফেরত দিয়েছিলেন? কার ভয়ে? কী জন্য? আজকে এত বড় গলায় কথা বলছেন, সেদিন উনি কোথায় ছিলেন?” অ্যাটর্নি জেনারেল দাবি করেন, ৫ অক্টোবরের ওই সভার খবর তাকে জানানো হয়নি। বার কাউন্সিল নির্বাচনে আইনজীবী সমন্বয় পরিষদের পরাজয়ের পর শুক্রবারের ওই সভায় রোকনউদ্দিন আরো বলেছিলেন, “বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ যুদ্ধাপরাধীদের টাকা নিয়ে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদে বিভক্তির সৃষ্টি করছে। এতে আইনমন্ত্রী এবং অ্যাটর্নি জেনারেলের সমর্থন রয়েছে।” এর প্রতিক্রিয়ায় মাহবুবে আলম বলেন, “এটা হাস্যকর কথা। জাহানারা ইমাম যখন গণআদালতের কার্যক্রম শুরু করেন, তখন আমি বার অ্যাসোসিয়েশনের সম্পাদক। জাহানারা ইমাম যখন গণআদালতে বিচারের জন্য সোহরাওয়ার্দী উদ্যানে যান, তখন তিনি সম্পাদকের কক্ষ থেকে যাত্রা করেছিলেন। “ওই বিচারের দাবিতে তখন আমি, আইনমন্ত্রী সোচ্চার ছিলাম। আইনমন্ত্রী গণআদালতের একজন কর্মকর্তাও ছিলেন।” “সমগ্র দেশবাসী জানে, আইনমন্ত্রী বা আমি যুদ্ধাপরাধের বিচারে কতটুকু পরিশ্রম করেছি। যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করার জন্য পাঁচটি রিট করা হয়। এই পাঁচটি মামলাতেই উপস্থিত থেকে যুদ্ধাপরাধের বিচার যাতে বন্ধ না হয়ে যায়, সেজন্য আমি প্রচেষ্টা চালিয়েছি। এরপরও এ ধরনের কথা বলা শিষ্টাচারবহির্ভূত। এগুলো একজনের চরিত্র হনন করা,” বলেন মাহবুবে আলম। সেইসঙ্গে তিনি সমালোচনাকারীদের উদ্দেশে বলেন, “আজকে এত বড় কথা বলেন, কোনো দিন গেছেন সেখানে? যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে সৌজন্যের জন্যও কি গেছেন? সংহতি প্রকাশ করার জন্যও কী গেছেন?” এরশাদবিরোধী আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে সক্রিয় থাকার কথা তুলে ধরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি মাহবুবে আলম বলেন, “আমি কারো সুবিধা নেইনি। স্বৈরাচার জিয়ার বিরুদ্ধে আন্দোলন করেছি। শামসুল হক চৌধুরীর নেতৃত্বে এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। পরবর্তী সব আন্দোলন সংগ্রামেও ছিলাম। “আজকে যারা বড় কথা বলছেন, একজন জাতীয় পার্টির সফরসঙ্গী হয়ে তিনবার জাতিসংঘে গিয়েছিলেন।” আওয়ামী আইনজীবী পরিষদ, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ, গণতান্ত্রিক আইনজীবী সমিতিসহ মোট ৫টি সংগঠন নিয়ে গঠিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ। সবগুলো সংগঠনের সমন্বিত কাজের ওপর জোর দিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, “আমাদের আইনজীবীদের পাঁচটি সংগঠন রয়েছে। এর সমন্বয় করে সমন্বয় পরিষদ। একক ব্যক্তি যখন ক্ষমতা কুক্ষিগত করতে চায়, তখন তো এটা অনেকেই মেনে নেবে না।” দ্বন্দ্বের কারণে গত বার কাউন্সিল নির্বাচনে কয়েকবার সম্মিলিত আইনজীবী পরিষদের প্যানেলের পরিবর্তন ঘটে। এনিয়ে সরকার সমর্থক আইনজীবীদের মধ্যে দ্বিধাবিভক্তিও দেখা যায়। স্বাধীনতার পর প্রথমবার ওই নির্বাচনে হেরে যাওয়ার পাল্টাপাল্টি বক্তব্যের মধ্য দিয়ে ওই বিভেদ প্রকাশ্য হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/২০০৮ ঘ.