ইসলামী বিশ্ববিদ্যালয়, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ক্যাম্পাসে এক নিরাপত্তাকর্মীকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
শনিবার এ ঘটনার সময় ব্যবসায় প্রশাসন অনুষদ শাখা ছাত্রলীগ সভাপতি মেহেদি হাসানের সঙ্গে কয়েকজন কর্মীও ছিলেন বলে নিরাপত্তাকর্মীরা (আনসার সদস্য) অভিযোগ করেন।
নিরাপত্তাকর্মীদের প্রধান আহসান উল্লাহর অভিযোগ, শনিবার সন্ধ্যা ৭টায় আইন অনুষদে দায়িত্ব পালন করছিলেন নিরাপত্তাকর্মী মো. জসিম।
এ সময় ছাত্রলীগ নেতা মেহেদি হাসানের নেতৃত্বে ছাত্রলীগকর্মী সায়েম, মালিক ও বহিরাগত মো. মামুনসহ ৬/৭ জন যুবক তার কাছে চার হাজার টাকা দাবি করে।
জসিম টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে তারা মারধর করে এবং তার মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে তারা আহসান উল্লাহর মোটরসাইকেলটি জোর করে নিয়ে নেয় এবং টাকা দিয়ে জিয়াউর রহমান হলের সামনে থেকে ফেরত নিতে বলে।
“রাত ৯টার দিকে আহসান উল্লাহ চার হাজার টাকা মেহেদিকে দেওয়ার পর মোটরসাইকেল ও জসিমের মোবাইল ফোন ফেরত দেয়,” বলেন আহসান উল্লাহ।
আহসান উল্লাহ আরো জানান, বিষয়টি প্রক্টরসহ কয়েকজন কর্মকর্তাকে জানানো হয়েছে। তবে তারা কোনো ব্যবস্থা নিতে পারেননি।
এ ব্যাপারে মেহেদি হাসান বলেন, “আমাদের এক আত্মীয় এক নিরাপত্তাকর্মীর কাছে কিছু টাকা পেত। আমরা সেটা আনতে গিয়েছিলাম মাত্র।”
তবে তিনি মারধরের বিষয়টি অস্বীকার করেন।
এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক এম আলাউদ্দিন বলেন, “বিষয়টি জেনে প্রক্টরকে অবহিত করেছি। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।”
এ ব্যাপারে প্রক্টর মেহের আলীর সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি রিসিভ করেননি।
ইবি ছাত্রলীগ সাধারণ সম্পাদক শামসুজ্জামান তুহিন বলেন, বিশ্ববিদ্যালয়ে যারা চাঁদাবাজির সঙ্গে জড়িত তারা ইবি শাখা ছাত্রলীগের কেউ না। যদি ছাত্রলীগের কেউ চাঁদাবাজিতে জড়িত থাকে তাহলে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৫৪০ ঘ.
bdnews24