ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক বিচারকের বক্তব্যকে কেন্দ্র করে স্পিকারের রুলিং নিয়ে হাই কোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে সরকারকে আপিলের অনুমতি দেয়া হয়নি বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী।
প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ রোববার সরকারের আপিল আবেদন কয়েকটি পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দেয়।
গত বৃহস্পতিবার এ বিষয়ে শুনানি শেষে রোববার আদেশের দিন রাখা হয়। এদিন আপিল বিভাগের কার্যতালিকায় শীর্ষে ছিল মামলাটি।
সকালে বিচারপতিরা এজলাসে বসার পর আইনজীবীরা বিভিন্ন মামলা উপস্থাপন করেন। এরপর প্রধান বিচারপতি এই মামলার আদেশ দেন। আদেশে তিনি বলেন, ‘ডিসপোজড উইথ অবজারভেশন্স (পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করা হলো)’।
হাই কোর্টও মূল রিটে প্রথমে একই ধরনের সংক্ষিপ্ত আদেশ দিয়ে পরে বিস্তারিত আদেশ দেয়া হয়।
রিটকারীর আইনজীবী আখতার ইমাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাষ্ট্রপক্ষকে আপিলের অনুমোদন দেয়া হয়নি। কিছু পর্যবেক্ষণ দেয়া হয়েছে।”
“পূর্ণাঙ্গ রায়ের আগে বিস্তারিত কিছু বলা যাবে না। তবে অতীতের অভিজ্ঞতা থেকে বলতে পারি, এক্ষেত্রে হাই কোর্টের যে পর্যবেক্ষণগুলো ছিল, তাতে খুব একটা পরিবর্তন করার কথা নয়। বরং অধিকাংশই বহাল থাকার কথা”, বলেন এই আইনজীবী।
হাই কোর্টের রায়ে বড় ধরনের পরিবর্তন থাকলে অবশ্যই আপিলের অনুমতি দেয়া হতো বলেও তিনি মন্তব্য করেন।
আদেশের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, আদালত কিছু পর্যবেক্ষণসহ আপিলের আবেদন নিষ্পত্তি করে দিয়েছেন। বিস্তারিত রায়ের পর পুরো বিষয়টি ঠিক থাকবে।
“রাষ্ট্রের দুই অঙ্গ আইন বিভাগ ও বিচার বিভাগ যাতে সৌহার্দ্যপূর্ণভাবে তাদের সংবিধান নির্ধারিত কাজ করতে পারে, শুনানিতে আমি সেটা চেয়েছি। আমি আশা করি, রায়ে সেটাই প্রতিফলিত হবে।”
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে, আপিলের অনুমতি না দিয়েও হাই কোর্টের রায়ে পরিবর্তন করা হয়েছে। এই মামলায়ও আপিল বিভাগ চাইলে হাই কোর্টের রায় সংশোধন করতে পারেন।”
তবে সর্বোচ্চ আদালতের বিস্তারিত রায়ের মাধ্যমে আইন বিভাগ ও বিচার বিভাগের মধ্যে ‘সংঘাতের’ অবসান হবে বলে আশা প্রকাশ করেন মাহবুবে আলম এবং আখতার ইমাম দুজনেই।
স্পিকার আব্দুল হামিদের রুলিংয়ের বৈধতা নিয়ে দায়ের করা একটি রিট আবেদনের নিস্পত্তি করে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের বেঞ্চ গত ২৪ জুলাই রায় ঘোষণা করেন। পূর্ণাঙ্গ অভিমত ও নির্দেশনাসহ ওই রায় প্রকাশ করা হয় ২৭ অগাস্ট।
রায়ে বলা হয়, একজন বিচারকের সংবিধান লঙ্ঘনের অভিযোগ নিয়ে স্পিকারের দেওয়া রুলিংয়ের আইনগত কোনো ভিত্তি নেই এবং তা আইনের দৃষ্টিতে অস্তিত্বহীন।
স্পিকারের ওই অভিমতের ‘আইনগত কোনো কার্যকারিতা’ নেই বলেও আদালত জানায়।
“ওই রুলিং সংবিধানের ৯৬ (৫) অনুচ্ছেদের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এবং সংবিধান ও সংসদের কার্যপ্রণালী বিধির সঙ্গে অসঙ্গতিপূর্ণ”, বলা হয় রায়ে।
সরকার হাই কোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ চেয়ে আপিলের আবেদন করলে সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি নাজমুন আরা সুলতানা গত ৩ সেপ্টেম্বর আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গত বৃহস্পতিবার সরকারের আপিল আবেদনের শুনানিতে বলেন, স্পিকার সংসদের সর্বেসর্বা। সংসদ সদস্যদের ব্যাপারে তিনি যে সিদ্ধান্ত দেবেন, তাই চূড়ান্ত। রুলিং বিষয়ে বিচার বিভাগের কিছুই করার নেই। তার পুরো রুলিং পড়লে দেখা যাবে, এটা সময়োচিত ও যুক্তিযুক্ত। এ নিয়ে কোনো রিট দায়ের করার কিছু আছে বলে মনে হয় না।
“সুপ্রিম কোর্ট ও সংসদ সংবিধান সৃষ্ট দুটি সংস্থা, এরা একে অপরের পরিপূরক। এ মামলাটি করে বিভেদের সৃস্টি করা হয়েছে বলে আমি মনে করি।
“আদালত স্পিকারের কোনো রুলিং বাতিল বা এক্সপাঞ্জ করতে পারে না। তবে আদালত মনে করলে কোনো বক্তব্যের ব্যাপারে স্পিকারের কাছে সুপারিশ পাঠাতে পারে। তবে সেই বক্তব্য রুলিংয়ে থাকবে কি-থাকবে না, সে সিদ্ধান্ত স্পিকারই নিবেন”, বলেন সরকারের প্রধান আইন কর্মকর্তা।
অন্যদিকে রিটকারীর পক্ষে ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ শুনানিতে বলেন, সংসদের কার্যপ্রণালী বিধি অনুসারে কোনো বিধিবদ্ধ আদালত তথা আদালত বা ট্রাইবুনাল নিয়ে সংসদে প্রশ্ন তোলা যাবে না। আর সুপ্রিম কোর্ট হচ্ছে সংবিধানের অভিভাবক।
“আমাদের দেশের সংবিধান ও আইন অনুসারে যেখানে বিচারাধীন বিষয়ে সংসদে আলোচনার সুযোগ নেই, সেখানে আলোচনা হয় কি করে?”
সংবিধানের ৯৬ অনুচ্ছেদ পুনর্বহাল করা হলে পাঁচ বছর পর নতুন সরকার এসে আগের সরকারের মেয়াদে নিয়োগ পাওয়া সব বিচারককে বাদ দেয়ার উদ্যোগ নিতে পারে বলেও রোকন উদ্দিন মাহমুদ আশঙ্কা প্রকাশ করেন।
তিনি বলেন, সংসদের কার্যক্রমকে বাতিল করার ক্ষমতাও সুপ্রিম কোর্টকে দেওয়া হয়েছে। সংসদের করা দুটি আইন আদালত বাতিল করেছে। সংবিধানের ৫টি সংশোধনীকে অবৈধ করেছে। সুতরাং স্পিকারের রুলিংকেও আদালতে চ্যালেঞ্জ করা যায়।
হাই কোর্ট বিভাগের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর মন্তব্যে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষাপটে গত ১৮ জুন সংসদে ওই রুলিং দেন স্পিকার আবদুল হামিদ।
গত ২৯ মে সংসদে দেওয়া স্পিকারের একটি বক্তব্যকে কেন্দ্র করে ওই বিতর্কের সূত্রপাত।
সুপ্রিম কোর্টের জমি ছেড়ে দিতে সড়ক ও জনপথ বিভাগকে দেওয়া উচ্চ আদালতের একটি আদেশ পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে স্পিকার সেদিন বলেছিলেন, আদালতের রায়ে ক্ষুব্ধ হলে জনগণ বিচার বিভাগের বিরুদ্ধেও রুখে দাঁড়াতে পারে।
বিচারপতি শামসুদ্দিন চৌধুরী ৫ জুন বলেন, স্পিকারের ওই বক্তব্য রাষ্ট্রদ্রোহের শামিল। এরপর সংসদে বিষয়টি নিয়ে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়।
পরে রুলিংয়ে আবদুল হামিদ বলেন, “হাই কোর্টের একজন মাননীয় বিচারপতি সংবিধানের ৭৮(১) অনুচ্ছেদ লঙ্ঘন করে সংসদ সম্পর্কে, আমার সম্পর্কে যে সব মন্তব্য করেছেন তা কোনো বিবেকবান মানুষ উচ্চারণ করতে পারেন কি না, আমার সন্দেহ রয়েছে।”
সংসদ সদস্যদের ক্ষোভের প্রতি শ্রদ্ধা রেখে স্পিকার আশা প্রকাশ করেন, ওই বিচারকের অনাকাক্সিক্ষত বক্তব্যের বিষয়ে প্রধান বিচারপতিই পদক্ষেপ নেবেন।
তবে রুল নিস্পত্তি করে দেওয়া রায়ে হাইকোর্ট বলে, রাষ্ট্রের কোনো অঙ্গ যাতে সংবিধানে দেওয়া তার ক্ষমতার সীমা লঙ্ঘন না করে তা দেখার দায়িত্ব সুপ্রিম কোর্টের ওপর ন্যস্ত। ‘বিশেষ অধিকারের সীমা’ সংবিধানের ৭৮ অনুচ্ছেদের ব্যাখ্যার ওপর নির্ভর করে। এই ব্যাখ্যার ক্ষমতা একমাত্র সুপ্রিম কোর্টের এখতিয়ারে। সংসদ তার এই বিশেষ অধিকার নির্ণয়ের ক্ষেত্রে চূড়ান্ত বিচারক হিসাবে নিজেকে দাবি করতে পারে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১২৩৫ ঘ.
bdnews24