মুন্সীগঞ্জ, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় শনিবার বাস ও পিকাপভ্যান সংঘর্ষে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
নিহতরা হলেন পিকাপভ্যান চালক মো. আলী (২২) ও যাত্রী নাসিমা বেগম (৩৫)। নাসিমার বাড়ি শ্রীনগরের দেউলভোগ গ্রামে।
আহতদের মধ্যে মৃত নাসিমার স্বামী শাহজাহান মিয়াকে ঢাকার মিডফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।
দুর্ঘটনার পর জনতা ৪০ মিনিট মহাসড়ক অবরোধ করলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে তারা অবরোধ তুলে নেয়।
শ্রীনগর থানার ওসি মিজানুর রহমান বলেন, ঢাকা থেকে শ্রীনগরগামী পিকাপভ্যানের সঙ্গে বিপরীতমুখী একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে ঘটনাস্থলে দু’জনের মৃত্যু হয়।
বাসটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএস/ডিডি/২১৩০ ঘ.
bdnews24