পটুয়াখালী, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হজে গিয়ে সৌদি আরবের মক্কায় মারা গেছেন পটুয়াখালীর আবদুর রব হাওলাদার।
শুক্রবার তার মৃত্যু হয়। শনিবার সকালে তার ভাই গফুর হাওলাদার সৌদি আরব থেকে টেলিফোনে খবরটি দেশে স্বজনদের জানান।
আবদুর রব হাওলাদার (৭২) স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়েসহ বহু আত্মীয়স্বজন রেখে যান।
প্রয়াতের মেজ ছেলে মো. রুহুল আমিন খোকন ও খাপড়াভাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক আকন বলেন, শুক্রবার সৌদি আরবের স্থানীয় সময় দুপুর আড়াইটায় তার মৃত্যু হয়।
ইউপি চেয়ারম্যান আবদুর মালেক আকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মৃত আবদুর রব আকন তার ভগ্নিপতি। তিনি খাপড়াভাঙ্গা ইউনিয়নের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন।
তিনি জানান, গত ৩০ সেপ্টেম্বর বিকাল ৫টায় বাংলাদেশ থেকে সৌদি আরব যাত্রা করেন আবদুর রব হাওলাদার, স্ত্রী মোসাম্মদ রোকেয়া বেগম, ভাই (রব হাওলাদারের) আবদুর গফুর হাওলাদার এবং তার স্ত্রী মোসাম্মদ সালমা বেগম।
লাশ সেখানেই দাফন করবে বলে পারিবারিকভাবে সিদ্বান্ত নেয়া হয়েছে, বলেন চেয়ারম্যান মালেক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪৭ ঘ.
bdnews24