কুড়িগ্রাম, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রামের উলিপুর উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে এক ব্যক্তি নিহত এবং অন্য দুজন আহত হয়েছেন।
শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার পান্ডুল ইউনিয়নের আপুয়ার খাতা গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতের নাম ফরমান আলী ( ৫৫)। আহত আব্দুল হাই মাস্টার ও আব্দুর রশিদকে উলিপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়েছে।
উলিপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে হতাহতের এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে কুড়িগ্রাম হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এলাকাবাসী জানায়, তিন বছর ধরে গ্রামের আব্দুল হাই মাস্টারের সঙ্গে আব্দুর রশিদদের সম্পত্তি নিয়ে বিরোধ চলেছিল। এ নিয়ে কুড়িগ্রাম জজ আদালতে পাল্টাপাল্টি মামলাও রয়েছে।
শনিবার সকালে এনিয়ে সালিশ বৈঠক চলাকালে উভয় পক্ষ বচসা থেকে সংঘর্ষের সূত্রপাত হয়।
স্থানীয়রা জানায়, প্রতিপক্ষের লাঠির আঘাতে নিহত হন আব্দুর রশিদ পক্ষের ফরমান আলী। আহত হন আব্দুল হাই মাস্টার ও আব্দুর রশিদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/১৬১৬ ঘ.
bdnews24