২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামুর ঘটনায় প্রশাসনের ব্যর্থতা নেই: হানিফ

বৌদ্ধ সম্প্রদায় প্রশাসনিক কর্মকর্তাদের গাফিলতির অভিযোগ তোলায় তা তদন্তে কমিটি গঠনের মধ্যেই আওয়ামী লীগ নেতা এই দাবি করলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2012, 09:51 AM

Updated : 24 Aug 2022, 12:16 PM

কুষ্টিয়া, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রামুতে বৌদ্ধ বসতিতে হামলা মোকাবেলায় প্রশাসনের কোনো গাফিলতি ছিল না বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ। গাফিলতির অভিযোগ ওঠায় তা তদন্তে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের নির্দেশে কমিটি গঠনের মধ্যেই শনিবার তিনি এই দাবি করেন। হানিফ কুষ্টিয়ায় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেছেন, “প্রশাসনের কোনো ব্যর্থতা নেই। একটি ঘটনা ঘটার আগে প্রশাসন ব্যবস্থা নিতে পারে না, ঘটনা ঘটার পর প্রশাসন ব্যবস্থা নেয়।” ফেইসবুকে কোরআন অবমাননার অভিযোগ তুলে গত ২৯ সেপ্টেম্বর রাতে কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দির ও ঘরবাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুর চালায় ধর্মীয় উগ্রপন্থীরা। পরদিন চট্টগ্রামের পটিয়া এবং কক্সবাজারের উখিয়া ও টেকনাফেও হামলা হয়। রামুতে হামলা ঠেকাতে প্রশাসনের কোনো গাফিলতি ছিল কি না- তা তদন্তে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে চার সদস্যের একটি কমিটি গঠন করে ১০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বৌদ্ধদের একটি প্রতিনিধি দলও কক্সবাজারের স্থানীয় প্রশাসনের তৎপরতা নিয়ে প্রশ্ন তোলেন। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমানও গোয়েন্দা ব্যর্থতার সমালোচনা করে আসছেন। সকালে কুষ্টিয়া সরকারি কলেজের নতুন একাডেমিক ভবনের ভিত্তিস্থাপন অনুষ্ঠানে রামুর ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন হানিফ। তিনি বলেন, যারা স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেছিল সেই যুদ্ধাপরাধীরা স্বাধীনতা যুদ্ধের সময় থেকে শুরু করে ২০০১ সালে বিএনপির সঙ্গে থেকে সংখ্যালঘুদের ওপর একইভাবে হামলা চালিয়েছিল। এটি পরিকল্পিত হামলা। “মহাজোট সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতেই বিরোধী দল পরিকল্পিতভাবে তাদের জঙ্গি বাহিনী দিয়ে রামু বৌদ্ধবিহারসহ বিভিন্ন মন্দির ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে,” বলেন আওয়ামী লীগ নেতা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এমআই/১৫৪৫ ঘ.