২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে এক পোশাক কারখানায় বিক্ষোভ

ঈদের ছুটি বৃদ্ধি ও মজুরির দাবিতে গাজীপুর সদর উপজেলার তিন সড়ক এলাকায় কর্মবিরতি ও বিক্ষোভ করেছে এক পোশাক কারখানার শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2012, 09:01 AM

Updated : 24 Aug 2022, 12:16 PM

গাজীপুর, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের ছুটি বৃদ্ধি ও মজুরির দাবিতে গাজীপুর সদর উপজেলার তিন সড়ক এলাকায় কর্মবিরতি ও বিক্ষোভ করেছে এক পোশাক কারখানার শ্রমিকরা। শনিবার সকাল থেকে ঈদের ছুটি বৃদ্ধি, সেপ্টেম্বরের মজুরিসহ অক্টোবরের অর্ধ মাসের মজুরি প্রদানের দাবিতে ইন্ট্রামেক্স গ্রুপের প্রায় ৭ হাজার শ্রমিক এ বিক্ষোভ করে বলে জানিয়েছে পুলিশ। গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পরিদর্শক মো. সেলিম খান বলেন, “সকাল সাড়ে ৮টার দিকে ইন্ট্রামেক্স গ্রুপের সোয়েটার, ক্লথিং, নিটিং, এপারেলস, ডায়িং ও ওয়াশিং কারখানার ৭ হাজারের মতো শ্রমিক কারখানার চত্বরে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ শুরু করে।” পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। কারখানার এক শ্রমিক জানান, এসব দাবি নিয়ে কারখানার কর্মকর্তাদের সঙ্গে শুক্রবার বিকেলে শ্রমিকদের কথা কাটাকাটি হয়। “এক পর্যায়ে তাদের মারধোরে কারখানার সুয়িং অপারেটর জিয়াউল হক ও মকবুল হোসেনের মাথা ফেটে গেছে।” এ ছাড়াও সুয়িং অপারেটর রমজান আলীসহ আরো চারজন শারীরিকভাবে লাঞ্চিত হন বলে জানান তিনি। এজন্য শ্রমিকরা কারখানার উৎপাদন ব্যবস্থাপক আব্দুল বাতেন, সহকারী উৎপাদন ব্যবস্থাপক আলাউদ্দিন ও সুপারভাইজার আলমগীরকে দায়ি করে তাদের অপসারণ দাবিও করে। বেলা ১২টার দিকে কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. এনায়েত উল্লাহ কারখানায় এসে শ্রমিকদের সঙ্গে বৈঠকে বসেন বলে জানায় শিল্প পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৪৫০ ঘ.