ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তৃতীয় ডি-এইট শিল্পমন্ত্রী পর্যায়ের সম্মেলনের প্রস্তুতি চূড়ান্ত বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী দীলিপ বড়–য়া।
শনিবার হোটেল রূপসী বাংলায় এই উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনের তিনি একথা জানান।
আগামী ৮ অক্টোবর ঢাকায় শুরু হচ্ছে তৃতীয় ডি-এইট শিল্পমন্ত্রী পর্যায়ের সম্মেলন। ১০ অক্টোবর ঢাকা ঘোষণার মাধ্যমে সম্মেলন শেষ হবে। সম্মেলনের মূল ভেন্যু রূপসী বাংলা হোটেল।
শিল্পমন্ত্রী জানান, ৮ ও ৯ অক্টোবর হবে ডি-এইট শিল্প সহায়তা বিষয়ক ওয়ার্কিং গ্রুপের সপ্তম সভা। এতে দেশগুলোর সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধিদের পাশাপাশি আরো সাতটি দেশের দেড়শ প্রতিনিধির অংশ নেয়ার কথা রয়েছে।
১০ অক্টোবর অনুষ্ঠিত হবে শিল্পমন্ত্রী পর্যায়ের সম্মেলন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সম্মেলন উদ্বোধন করবেন।
সম্মেলনে অতিথিদের দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও ঐতিহাসিক স্থাপনা দেখানো হবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় আয়োজন করা হবে সাংস্কৃতিক অনুষ্ঠানের। সম্মেলনে অতিথিদের জন্য দেশের রপ্তানীমুখী পণ্য প্রদর্শনীর ব্যবস্থাও থাকবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সম্মেলনের প্রথম দিন ডিসিসিআইয়ের আয়োজনে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) বিষয়ক একটি সেমিনার হবে। দ্বিতীয় দিন বাংলাদেশ ওষুধ শিল্প মালিক সমিতি ‘ফার্মাসিউটিক্যাল শিল্প’ এবং বিজিএমইএ ও বিটিএমইএ যৌথভাবে টেক্সটাইল ও গার্মেন্টস শিল্প’ বিষয়ক সেমিনারের আয়োজন করবে।
১৯৯৭ সালের ১৫ জুন উন্নয়নশীল আটটি দেশ ডি-এইট গঠন করে। দেশগুলো হচ্ছে, বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক। এর সচিবালয় তুরস্কের ইস্তাম্বুলে।
বৈশ্বিক অর্থনীতিতে সদস্য দেশগুলোর অবস্থান উন্নত করতে অর্থনৈতিক সহযোগিতা, বিকেন্দ্রীকরণ, ব্যবসা-বাণিজ্যে নতুন নতুন সুযোগ সৃষ্টি, আন্তর্জাতিক পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ বাড়ানো, জীবন-মান বৃদ্ধির লক্ষ্য নিয়ে সংস্থাটি প্রতিষ্ঠিত হয়।
সংস্থাটির সাতটি শীর্ষ সম্মেলনের মধ্যে ১৯৯৯ সালের শীর্ষ সম্মেলনের আয়োজক ছিল বাংলাদেশ। ডি-এইট শিল্পমন্ত্রী পর্যায়ের প্রথম সম্মেলন ২০১০ সালে ইরানের তেহরানে এবং দ্বিতীয় সম্মেলন ২০১১ সালে ইস্তাম্বুলে অনুষ্ঠিত হয়।
বর্তমানে ইন্দোনেশিয়ার ড. উইদি অ্যাগোয়েস প্রাতিক্তো ডি-এইটের মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৪২০ ঘ.
bdnews24