গাজীপুর, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের শ্রীপুর উপজেলার দলজোর গ্রামে বুধবার রাতে এক পূজা মণ্ডপে মূর্তি ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় বৃহস্পতিবার সজীব (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। একইদিন আদালতে হাজির করলে তাকে কারাগারে পাঠানো হয়।
শুক্রবার গাজীপুর জেলা প্রশাসক মো. নুরুল ইসলাম, শ্রীপুর থানা পুলিশ মণ্ডপটি পরিদর্শন করেছেন।
মণ্ডপটির সভাপতি যতীন্দ্র চন্দ্র সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার রাত ৩টার দিকে ৫-৬জন দুর্বৃত্ত তাদের বাড়িতে স্থাপিত মণ্ডপে ঢুকে লক্ষ্মী, নারয়ণ, শিব, কালি ও গৌড় মূর্তি ভাংচুর করে।
যতীন্দ্র সরকারের নাতি রঞ্জনকুমার সরকার বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় চিত্তরঞ্জন দাস ও আসলাম মিয়া আমাদের জমি দখলের পাঁয়তারা করে আসছিলেন।
“আমরা জমি বিক্রির জন্যে কারো সঙ্গে বায়না না করা সত্বেও তাদের নেতৃত্বে চার মাস আগে বায়না করা হয়েছে এমন একটি সাইনবোর্ড লিখে টাঙ্গিয়ে জমিটি দখলের চেষ্টা করেন।
“আমাদের ধারণা, তাদের নেতৃত্বেই মণ্ডপে হামলা হয়েছে।”
শ্রীপুর থানার ওসি (তদন্ত) কামাল হোসেন বলেন, এ ঘটনায় যতীন্দ্র চন্দ্র সরকার বৃহস্পতিবার শ্রীপুর থানায় মামলা করেছেন। মামলায় গ্রেপ্তার সজীবের নাম রয়েছে। সজীব স্থানীয় ধলাদিয়া গ্রামের মো. মনির হোসেনের ছেলে।
জেলা প্রশাসক নুরুল ইসলাম বলেন, হামলার প্রকৃত কারণ ও হামলায় কারা জড়িত সে ব্যাপারে তদন্ত ও গ্রেপ্তারের নির্দেশ দেয়া হয়েছে।
ক্ষতিগ্রস্তদের স্থানীয়ভাবে ও সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩০ ঘ.
bdnews24