২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার থেকে জাল পড়বে পদ্মা-মেঘনায়

এগার দিন বন্ধ থাকার পর শনিবার থেকে চাঁদপুরে পদ্মা ও মেঘনাসহ দক্ষিণাঞ্চলে ইলিশ বিচরণের সব নদীতে মাছধরা আবার শুরু হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2012, 02:50 PM

Updated : 24 Aug 2022, 12:16 PM

চাঁদপুর, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-এগার দিন বন্ধ থাকার পর শনিবার থেকে চাঁদপুরে পদ্মা ও মেঘনাসহ দক্ষিণাঞ্চলে ইলিশ বিচরণের সব নদীতে মাছধরা আবার শুরু হচ্ছে। প্রজনন মৌসুমে ইলিশ সম্পদ রক্ষায় ২৫ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত এসব এলাকায় মাছ ধরা নিষিদ্ধ করেছিল সরকার। চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা রতন দত্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মৌসুমের এই সময় মা ইলিশ ডিম ছাড়ে। গভীর সমুদ্র থেকে ইলিশের ঝাঁক ডিম ছাড়তে মিঠা পানিতে উঠে আসে। তাই প্রজনন এবং ইলিশ মাছ বৃদ্ধির জন্য চাঁদপুরের পদ্মা-মেঘনাসহ দেশের পাঁচটি অভয়াশ্রমে ১১দিন মাছ ধরা নিষিদ্ধ করা হয়। এ সময়সীমা শেষ হওয়ায় শনিবার থেকে জেলেরা আবার আগের মতো মাছ ধরতে পারবে, বলেন তিনি। রতন দত্ত আরো জানান, গতবছর এই সময় মাছ ধরা বন্ধ থাকার কারণে দেশের চাহিদা মিটিয়ে তিন হাজার ৫শ’ কোটি টাকার ইলিশ রপ্তানি করে সরকার। এদিকে, নিষেধাজ্ঞা অমান্য করায় শুক্রবার দিনব্যাপী চাঁদপুরে মেঘনার বিভিন্ন স্থান থেকে তিন লাখ ৫০ হাজার মিটার জাল জব্দ করেছে কোস্টগার্ড। কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. জহিরুল হক বলেন, এর আগে গত ১০দিনে আরো প্রায় ১২ লাখ মিটার জাল জব্দ করা হয়েছে বলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩৮ ঘ.