ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার ও চট্টগ্রামের বৌদ্ধ মন্দির ও বসতিতে হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে ওই ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে সচেতন নাগরিক কমিটি (সনাক)।
শুক্রবার ঢাকায় অনুষ্ঠিত সারা দেশের ৪৫টি অঞ্চলের সচেতন নাগরিক কমিটির জেন্ডার বিষয়ক উপকমিটির এক সভায় এ নিন্দা জানানো হয়।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। সনাক হচ্ছে টিআইবি’র একটি উদ্যোগ।
ফেইসবুকে কোরআন অবমাননার অভিযোগে গত শনিবার রাতে কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দির ও ঘরবাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুর চালায় ধর্মীয় উগ্রপন্থীরা। পরদিন চট্টগ্রামের পটিয়া এবং কক্সবাজারের উখিয়া ও টেকনাফেও হামলার ঘটনা ঘটে।
সভায় রামুর ওই সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে একটি নিন্দা প্রস্তাব গ্রহণ করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রস্তাবে বলা হয়, “ধর্মীয় পবিত্র স্থাপনা ও ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নগ্ন আক্রমণের এ জাতীয় ঘটনা বাংলাদেশের স্বাধীনতা তথা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্ম-জাতি নির্বিশেষে সব নাগরিকের সমঅধিকারে অঙ্গীকারাবদ্ধ বাংলাদেশে এ জাতীয় উগ্র গোষ্ঠীর নারকীয় আক্রমণ কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়।”
টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানের সঞ্চালনায় সভায় বৌদ্ধ বসতিতে হামলার ঘটনার প্রশাসনিক তদন্তের পাশাপাশি বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।
সেইসঙ্গে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের দায়িত্বপালনে কোনো ধরনের অবহেলা প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানায় সনাক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এইচএ/১৮২১ ঘ.
bdnews24