২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলম্বোয় বাংলাদেশ দূতাবাসে হামলা

রামুতে সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে শ্রীলংকার কলম্বোতে বাংলাদেশ দূতাবাসে পানির বোতল ও ইট ছুড়ে মেরেছে কয়েকজন বৌদ্ধ ভিক্ষু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2012, 03:24 PM

Updated : 24 Aug 2022, 12:16 PM

ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রামুতে সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে শ্রীলংকার কলম্বোতে বাংলাদেশ দূতাবাসে পানির বোতল ও ইট ছুড়ে মেরেছে কয়েকজন বৌদ্ধ ভিক্ষু। কলম্বোয় বাংলাদেশের হাইকমিশনার সুফিউর রহমান জানান, বৃহস্পতিবার বেলা ৪টার দিকে বাংলাদেশ দূতবাসের সামনে প্রায় নয়শ’ বৌদ্ধ ভিক্ষু বিক্ষোভ দেখায়। তাদের কয়েকজন প্রতিনিধি প্রতিবাদলিপি দিতে দূতাবাসে ঢোকার সময় বিক্ষোভরতদের মধ্যে চার-পাঁচজন পানির বোতল ও ইটের টুকরা ছুড়ে মারে। ইটের আঘাতে দূতাবাস ভবনের জানালার একটি কাচ ভেঙে যায়। হাইকমিশনার জানান, ঘটনার কিছুক্ষণের মধ্যেই পুলিশ চলে আসে। বৌদ্ধ ভিক্ষুদের নেতারাও বোতল ও ইট ছুড়ে মারার ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। গত দুই দিন ধরেই বৌদ্ধ ভিক্ষুরা প্রতিবাদ জানিয়ে আসছিল বলে সুফিউর জানান। বৃহস্পতিবার সকালেও ভিক্ষুদের একটি দল দূতাবাসে প্রতিবাদলিপি দিয়ে যায়। বাংলাদেশ হাইকমিশন ও হাইকমিশনারের বাসায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে তিনি জানান। শ্রীলংকার অনলাইন সংবাদপত্র কলোম্বো গেজেট বৃহস্পতিবার জানায়, শ্রীলংকা সরকার বাংলাদেশে সাম্প্রদায়িক সন্ত্রাসের ছুঁতোয় মৌলবাদী কয়েকটি সংগঠন অস্থিতিশীল অবস্থা তৈরি করতে পারে বলে আশংকা করেছিল। এদিকে কলোম্বোর মুসলমান সংগঠনগুলো বুধবার বাংলাদেশে বৌদ্ধ মন্দিরে হামলার নিন্দা করেছিল। ফেইসবুকে কোরআন অবমাননার অভিযোগে শনিবার রাতে কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দির ও ঘরবাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুর চালায় ধর্মীয় উগ্রপন্থীরা। সেখানে সাতটি বৌদ্ধ মন্দির এবং অন্তত ৩০টি বাড়ি ও দোকান পুড়িয়ে দেয়া হয়। এরপর রোববার চট্টগ্রামের পটিয়া এবং কক্সবাজারের উখিয়া ও টেকনাফে হিন্দু ও বৌদ্ধ মন্দিরে আবারো হামলার ঘটনা ঘটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এসইউ/২১২০ ঘ.