সিলেট, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট শহরতলীর সোনাতলা থেকে অপহৃত এক কিশোরকে হবিগঞ্জের বাহুবল থেকে উদ্ধার করেছে পুলিশ।
জাহাঙ্গীর হোসেনকে বৃহস্পতিবার বিকালে উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়।
অপহরণে জড়িত থাকার অভিযোগে ১০ লাখ টাকাসহ অপহরণকারী চক্রের সদস্য বাহুবল উপজেলার তিকলস গ্রামের আবদুল আলীর ছেলে শাহজাহান মিয়া ও একই উপজেলার হাজীপুর গ্রামের মৃত আওলাদ আলীর ছেলে আরমান মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
জালালাবাদ থানার ওসি (তদন্ত) সোহেল আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ১ অক্টোবর বিকেলে সোনাতলা লামারগাঁও গ্রামের আলাউদ্দিনের ছেলে জাহাঙ্গীর অপহৃত হয়।
পরদিন সকালে অপহরণকারীরা ফোনে জাহাঙ্গীরের বাবার কাছে মুক্তিপণ হিসাবে ২০ লাখ টাকা দাবি করে। পরে ১০ লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে জাহাঙ্গীরকে ছেড়ে দিতে রাজি হয় অপহরণকারীরা।
এ ঘটনায় জাহাঙ্গীরের বাবা আলাউদ্দিন থানায় মামলা করেন।
পরে বৃহস্পতিবার মুক্তিপণের টাকা নিয়ে পুলিশ ও অপহৃতের পরিবারের সদস্যরা বাহুবল যান। একপর্যায়ে অপহরণকারী চক্রের সদস্য শাহজাহান ও আরমান মুক্তিপণ নিতে আসলে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী বাহুবল এলাকা থেকে জাহাঙ্গীরকে উদ্ধার করা হয় বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২০২৮ ঘ.
bdnews24