ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আট বছর আগে দায়ের করা দুর্নীতির একটি মামলা থেকে অব্যাহতি পেলেন বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকার সাবেক চেয়ারম্যান কাজী ফারুক আহমেদ।
মামলায় দুর্নীতি দমন আইনের কোনো ধারা যুক্ত না থাকায় এবং তদন্তে ত্রুটি রয়েছে উল্লেখ করে বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম হারুন অর রশিদ আসামিকে অব্যাহতির আদেশ দেন।
২০০৪ সালের ১৬ মে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর টাস্কফোর্স-২ এর পরিদর্শক মো. আব্দুল মাজেদ রাজধানীর পল্লবী থানায় এ মামলা করেন।
মামলায় বলা হয়, প্রশিকার সভাপতি হিসেবে কর্মরত অবস্থায় কাজী ফারুক ক্ষমতার অপব্যবহার করে দারিদ্র বিমোচনের জন্য প্রাপ্ত অনুদানের তহবিল থেকে অবৈধভাবে চিকিৎসার নামে সিঙ্গাপুরে ভ্রমণের জন্য ১ লাখ ১৯ হাজার ৭৪৪ টাকা আত্মসাৎ করেছেন।
ফারুক এবং তার স্ত্রী শাহানা আহমেদ প্রতারণার মাধ্যমে প্রশিকার তহবিল থেকে ওই টাকা আত্মসাৎ করে প্রতিষ্ঠানের ক্ষতি করেছেন বলে উল্লেখ করা হয় মামলায়।
গত বছরের ২৯ মে ফারুককে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয় ।
ফারুকের আইনজীবী আবুল বাসার মৃধা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০৪ সালের ১৬ মে ফারুকের বিরুদ্ধে আরো ১৪টি মামলা হয়। যার মধ্যে ১০ মামলায় আসামির অব্যাহতি চেয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়। এর মধ্যে চারটি মামলা দীর্ঘ দিন ধরে তদন্তাধীন রয়েছে।
এছাড়াও ফারুকের বিরুদ্ধে প্রশিকার প্রধান কার্যালয় দখল এবং ওই প্রতিষ্ঠানে তার চেয়ারম্যানের পদ নিয়ে ঢাকার বিভিন্ন আদালতে আরো কয়েকটি মামলা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/১৫৩৫ ঘ.
bdnews24