২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি ফের চালু

কাজ পাওয়া নিয়ে দু’টি শ্রমিক সংগঠনের মধ্যে বিরোধের জেরে তিন দিন বন্ধ থাকার পর তেঁতুলিয়ায় বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ফের চালু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2012, 07:58 AM

Updated : 24 Aug 2022, 12:16 PM

পঞ্চগড়, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাজ পাওয়া নিয়ে দু’টি শ্রমিক সংগঠনের মধ্যে বিরোধের জেরে তিন দিন বন্ধ থাকার পর তেঁতুলিয়ায় বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ফের চালু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন পঞ্চগড় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট সার্কেলের রাজস্ব কর্মকর্তা সারোয়ার রশিদ। “অবরোধ প্রত্যাহার করায় পণ্য বোঝাই ট্রাকগুলো চলাচল শুরু করেছে।” এ স্থলবন্দর দিয়ে ভারত ও নেপালের সঙ্গে পণ্য আমদানি-রপ্তানি হয়ে থাকে। পণ্য লোড-আনলোডের কাজ করা নিয়ে উপজেলা কুলি শ্রমিক ইউনিয়ন ও উপজেলা লোড আনলোড কুলি শ্রমিক ইউনিয়নের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। কাজ না পেয়ে লোড আনলোড কুলি শ্রমিক ইউনিয়ন গত সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য তেঁতুলিয়া-বাংলাবান্ধা সড়ক অবরোধের ডাক দিলে এ বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়। তেঁতুলিয়া উপজেলা লোড-আনলোড কুলি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল আলম বলেন, “সমঝোতা হওয়ায় আমরা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছি। আমাদের ৪০জন শ্রমিক বন্দরের কাজে যোগ দিয়েছে।” সংশ্লিষ্টরা জানান, সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিবাদমান দুই শ্রমিক সংগঠনের ৫জন করে প্রতিনিধি নিয়ে বৈঠক হয়। এতে জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়া, জেলা পুলিশ সুপার শাহারিয়ার রহমান, তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান, বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলন উপস্থিত ছিলেন। উপজেলা কুলি শ্রমিক ইউনিয়নের ১৫০ জন ও লোড আনলোড কুলি শ্রমিক ইউনিয়নের ৪০ জন শ্রমিক আপাতত বন্দরের মালামাল লোড আনলোডে অংশ নেবে বলে সিদ্ধান্ত হয়। একই সঙ্গে উভয় সংগঠনের আরো ৫০জন করে ১শ’ জন শ্রমিকের নাম তালিকাভুক্ত করা হয়। বন্দরে কাজ বৃদ্ধি পেলে তালিকাভুক্ত এসব শ্রমিক কাজের সুযোগ পাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৩৫০ ঘ.