সাভার, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের শ্যামপুর এলাকায় একটি বাড়িতে পানির ট্যাংকের দেয়াল ধসে দুই জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ রোমেল জানান, বুধবার রাতে শ্যামপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ওই বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরের চেষ্টা চালায়।
নিহতরা হলেন- সানোয়ার হোসেন (৩০) ও মো. জনি (২৮)। এদের মধ্যে সানোয়ার স্থানীয় যমুনা গার্মেন্টস এবং জনি প্রিন্স প্যারাডাইস ফুড প্রোডাক্টসের শ্রমিক ছিলেন।
এসআই রোমেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সানোয়ার ও জনি শ্যামপুরের শামসুল হকের বাড়িতে ভাড়া থাকতেন। রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে তারা গোসলখানায় গোসল করার সময় পাশে থাকা পানির ট্যাংক ধসে পড়ে। এতে দুজনেই দেয়াল চাপা পরেন।
দুজনের মধ্যে সানোয়ার ঘটনাস্থালে এবং অন্যজন হাসপাতালে নেয়ার পথে মারা যান বলে রোমেল জানান।
নির্মাণে ত্রুটি থাকায় এ দুর্ঘটনা ঘটেছে- এমন অভিযোগে বিক্ষুব্ধ জনতা রাতে ওই বাড়িতে হামলা ও ভাঙচুরের চেষ্টা চালায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১১০২ ঘ.
bdnews24