ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সূত্রাপুর ও তুরাগ এলাকা থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের খাতায় তাদের পরিচয় ‘পাতা রাসেল’, ‘পিচ্চি মামুন’, তুষার, ইব্রাহিম ও বড় ইব্রাহিম নামে।
এদের মধ্যে পাতা রাসেল ও তুষার র্যাবের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ নিহত ডাকাত শহীদের সহযোগী বলে জানান পুলিশ কর্মকর্তা মশিউর রহমান।
তিনি বলেন, “তিনদিন আগে সূত্রাপুর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেজবাউদ্দিন আহমেদ জিকোকে গ্রেপ্তার করা হয়। দুই দিনের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে এই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।”
তাদের কাছ থেকে একটি রিভলবার ও চারটি পিস্তল ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
“ডাকাত শহীদ নিহত হওয়ার পর রাসেল ও তুষার পালিয়ে ছিল। কিন্তু সুযোগ বুঝে রাজনৈতিক ছত্র ছায়ায় আবার তারা একত্রিত হয়ে সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত হওয়ার পাঁয়তারা করছিলো।”
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান মশিউর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১৪২২ ঘ.
bdnews24