বেনাপোল,অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেনাপোল স্থলবন্দর দিয়ে ভুয়া বন্ড লাইসেন্সের মাধ্যমে আমদানি করা বিপুল পরিমাণ ভারতীয় কাপড় আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ।
বুধবার এসব কাপড় আটক করা হয় বলে জানান বেনাপোল কাস্টমস হাউজের যুগ্ম-কমিশনার আকবর হোসেন।
তিনি সাংবাদিকদের জানান, রাজস্ব আদায়যোগ্য এসব কাপড় ভুয়া বন্ড দাখিল করে রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে। ঢাকার সাভার ডিইপিজেডের ‘গোল্টেজ গার্মেস্টস’ এর নামে পণ্যের চালানটি এসেছে। ভারত থেকে ১৮৫ প্যাকেজ পণ্যের ইনভয়েজ মূল্য দেখানো হয়েছে ৩৮ হাজার ৬৫১ ডলার। তবে এসব কাপড়ের আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা বলে জানান শুল্ক কর্মকর্তা।
কাস্টমস পরিদর্শক তাপস দেব রায় জানান, খালাস করার সময় কাগজপত্র দেখতে চাইলে সিএ্যান্ডএফের লোকজন কাগজ আনার নাম করে সটকে পড়ে। সেন্ট মার্টিন কমিউনিটিজ নামের মেয়াদোত্তীর্ণ একটি সিএন্ডএফ এজেন্টের লাইসেন্সে চালানটি খালাসের জন্য কাগজপত্র দাখিল করা হয়েছিল।
বেনাপোল কাস্টমস হাউজের যুগ্ম কমিশনার-১ ফাইজুর রহমান সাংবদিকদের জানান, একটি তদন্ত টিম গঠন করে বিষয়টি উদঘাটন করা হবে। এ ব্যাপারে বিভাগীয় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এসইউ/০০১৪ ঘ.
bdnews24