ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের খাদিমনগর ইকো পার্কে দেশের তৃতীয় চিড়িয়াখানা গড়ে তুলবে সরকার।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে বুধবার অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ তথ্য জানানো হয়।
বর্তমানে সরকারি ব্যবস্থাপনায় ঢাকার মিরপুরে এবং রংপুর শহরে চিড়িয়াখানা চালু আছে।
মন্ত্রণালয়ের সচিব উজ্জ্বল বিকাশ দত্তে সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঢাকা চিড়িয়াখানার কিউরেটর এবিএম শহিদল্লাহ খাদিমনগরে চিড়িয়াখানা স্থাপনের পরিকল্পনা তুলে ধরেন।
শহিদুল্লাহ জানান, প্রাথমিকভাবে খাদিমনগর ইকোপার্কের আট একর জমিতে এ চিড়িয়াখানা স্থাপন করা হবে। পরবর্তীতে স্থানীয়দের কাছ থেকে জমি অধিগ্রহণ করে চিড়িয়াখানাটির ৩০ একর জমিতে স¤প্রসারিত করা হবে। সংরক্ষিত বনাঞ্চলের অস্তিত্ব রক্ষা করে প্রাণীদের জন্য স্থাপনা নির্মাণ করা হবে।
এজন্য ১০ কোটি টাকার একটি স্থাপনা নির্মাণ সংক্রান্ত একটি প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সিলেটে চিড়িয়াখানা স্থাপনে অর্থমন্ত্রীর আগ্রহ থাকায় এটি দ্রুত বাস্তবায়ন সম্ভব হবে বলে মনে করেন ওই কর্মকর্তা।
তিনি বলেন, অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পেলে চলতি বছরেই এ চিড়িয়াখানা তৈরির কাজ শুরু হবে। পরে পর্যায়ক্রমে আরো ২২ একর জমি অধিগ্রহণ করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসইউ/১৬০৮ ঘ.
bdnews24