ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, বৌদ্ধ মন্দির ও ঘর-বাড়িতে হামলায় জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে।
মঙ্গলবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, “রামু, উখিয়াসহ বিভিন্ন স্থানে যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং তাতে মদদ দিয়েছে তদন্তের মাধ্যমে চিহ্নিত করে তাদের আইনের হাতে সোপর্দ করা হবে। ভবিষ্যতে এ ধরনের ঘৃণ্য কাজ যাতে আর কেউ না করে সেজন্য এ বিচার নিশ্চিত করা হবে।”
ফেইসবুকে কোরআন অবমাননার অভিযোগ এনে গত শনিবার রাতে কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দির ও ঘরবাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করে উগ্রপন্থীরা। এরপর ওই ঘটনার জের ধরে রোববার চট্টগ্রামের পটিয়া এবং কক্সবাজারের উখিয়া ও টেকনাফে হিন্দু ও বৌদ্ধ মন্দিরেও হামলা হয়।
বাংলাদেশকে ধর্মনিরপেক্ষ ও সা¤প্রদায়িক স¤প্রীতির দেশ উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, “গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষতাসহ চার মূলনীতির ভিত্তিতে এ রাষ্ট্রের জন্ম। ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্রের আদর্শে বাংলাদেশ সৃষ্টি হয়েছিল। এ আদর্শেই আমরা বেঁচে থাকতে চাই।”
“ধর্মকে ব্যবহার করে যারা ধ্বংসযজ্ঞ ও অস্থিরতা সৃষ্টি করতে চায় তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে,” বলেন তিনি।
রাষ্ট্রীয় সন্ত্রাস ও হানাহানি থেকে মুক্তি পেতে মহাত্মা গান্ধীর অহিংস নীতি মেনে চলারও আহ্বান জানান আইনমন্ত্রী।
মহাত্মা গান্ধীর ১৪৩তম জন্মবার্ষিকী ও আন্তর্জাতিক অহিংসা দিবস উপলক্ষে সিরডাপ মিলনায়তনে ‘মহাত্মা গান্ধীর আদর্শ এবং সমকালীন বিশ্বে তার প্রাসঙ্গিকতা’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে গান্ধী আশ্রম ট্রাস্ট।
ট্রাস্টের চেয়ারম্যান দেবপ্রিয় ভট্টাচার্যের সভাপতিত্বে সভায় অধ্যাপক আনিসুজ্জামান, সংসদ সদস্য মাহবুবউদ্দিন খোকন, ভারতের হাই কমিশনার পঙ্কজ শরন, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি নেইল ওয়াকার, সৈয়দ আবুল মকসুদ, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, গান্ধী আশ্রম ট্রাস্টের সাধারণ সম্পাদক ঝর্ণা ধারা চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএইচ/২৩০২ ঘ.
bdnews24