২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের বিরুদ্ধে হত্যার অভিযোগ, বাসাইলে হরতাল

টাঙ্গাইলের বাসাইলে এক ব্যক্তিকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগে চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2012, 04:46 PM

Updated : 24 Aug 2022, 12:14 PM

টাঙ্গাইল, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের বাসাইল উপজেলায় এক ব্যক্তিকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। নিহত লাল মিয়া (৪৫) উপজেলার কাউলজানি ইউনিয়নের সুন্না গ্রামের ইনতাজ আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলে সুন্না গ্রামে এ ঘটনার পর বিক্ষুদ্ধ জনতা সন্ধ্যায় উপজেলা সদরে বিক্ষোভ-মিছিল করে। জনতা বুধবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বাসাইলে। ঘটনায় জড়িত সন্দেহে চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনে নিয়ে আসা হয়েছে। কাউলজানি ইউনিয়নের চেয়ারম্যান সাদেক হোসেন সাংবাদিকদের বলেন, মঙ্গলবার বিকেল ৫টার দিকে বাসাইল থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) সুরুজ্জামান, কনস্টেবল সারোয়ার হোসেন ও শামীম রেজা সাদা পোষাকে সুন্না গ্রামে যান। “এ সময় কিছু লোক ওই এলাকায় তাস খেলছিলেন। পুলিশ দেখে তারা দৌড়ে পালানোর চেষ্টা করেন। পুলিশ রাস্তায় দাঁড়িয়ে থাকা লাল মিয়াকে ধরে পিটিয়ে পানিতে ফেলে দেয় এবং চোবায়।” লাল মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় তার জামাতা কবীর হোসেন প্রথমে ঠেলাগাড়ি ও পরে সিএনজিচালিত অটোরিকশায় করে বাসাইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ইউপি চেয়ারম্যান। প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনার পর পরই এলাকাবাসী চার পুলিশ সদস্যকে পিটুনি দিয়ে আটক করে রাখে। পরে থানা থেকে পুলিশ কর্মকর্তারা গিয়ে বিচারের আশ্বাস দিয়ে তাদের উদ্ধার করেন। লাল মিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গ্রাম থেকে কয়েকশ লোক বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা সদরে আসে। তারা সেখানে দায়ী পুলিশ সদস্যদের বিচারের দাবিতে বাসাইলে বুধবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বলে জানান কাউলজানি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান। বাসাইল থানার ওসি মোখলেছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রেজিস্ট্রারে পুলিশ সদস্যদের সুন্না গ্রামে যাওয়ার কোন বিবরণ ছিল না। উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার অঙ্গীকার করলে জনতা তাদেরকে পুলিশের হাতে তুলে দেয়। এ সময় সেখানে টাঙ্গাইল সার্কেলের সহকারি পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান, উপজেলা চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন আরা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন । “চারজনকেই পুলিশ লাইনে প্রত্যাহার করে নেয়া হয়েছে,” বলেন ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২২৪৫ ঘ.