ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডেসটিনি গ্রুপ পার্বত্য চট্টগ্রামে সম্পূর্ণ অবৈধভাবে কার্যক্রম চালাচ্ছে বলে জানিয়েছে এ সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি।
একই সঙ্গে পার্বত্য এলাকার পরিবেশ সংরক্ষণে আইন প্রণয়নের সুপারিশ করেছে কমিটি।
মঙ্গলবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় স¤পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২৪তম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মোহাম্মদ শাহ আলম এতে সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে শাহ আলম সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে বলেন, “ডেসটিনি গ্রুপ জনগণের কাছ থেকে টাকা নিয়ে পার্বত্য এলাকায় চারা বিতরণ করছে। অথচ পার্বত্য এলাকায় ডেসটিনির এক ইঞ্চিও জমি নেই। তারা সেখানে বেআইনিভাবে বনায়ন কর্মসূচি চালাচ্ছে।”
পার্বত্য এলাকায় ডেসটিনির জমি সংক্রান্ত একটি প্রতিবেদন দিতে বনবিভাগকে বলা হয়েছে বলেও জানান তিনি।
কমিটির আগামী বৈঠকেই এই প্রতিবেদন উপস্থাপন করতে হবে।
সম্প্রতি পার্বত্য এলাকায় ঘটে যাওয়া পাহাড়ি-বাঙালি সংঘাতের বিষয়ে কমিটির আগামী বৈঠকে আলোচনা হবে বলেও জানান সভাপতি।
কমিটির সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার, বীর বাহাদুর উশৈ সিং, এ বি এম ফজলে করিম চৌধুরী এবং গিয়াস উদ্দিন আহমেদ বৈঠকে অংশ নেন।
সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে পার্বত্য এলাকার ভৌত ও অবকাঠামোগত উন্নয়ন ও জনগণের কল্যাণে পার্বত্য এলাকার জনগণের চাহিদা বিবেচনায় নিয়ে পরিবেশ সংরক্ষণ করে পরিবেশ আইন প্রণয়নের সুপারিশ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এইচএ/২১০৪ ঘ.
bdnews24