২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাইব্যুনালে ফোন যন্ত্রণা

আদালক কক্ষে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ এর এক সাক্ষীর মোবাইল ফোন চারবার বেজেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2012, 01:49 PM

Updated : 24 Aug 2022, 12:15 PM

ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালক কক্ষে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ এর এক সাক্ষীর মোবাইল ফোন চারবার বেজেছে। এমনকি এর আগে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদেরকেও আদালতের এ নিষেধাজ্ঞা লঙ্ঘন করতে দেখা গেছে। মঙ্গলবার আদালত চলাকালে কাঠগড়ায় দাঁড়িয়ে সাক্ষ্য দেয়ার সময় বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের চতুর্দশ সাক্ষী গোপাল চন্দ্র দাসের পকেটে মোবাইল ফোন বেজে উঠলে তিনি তাড়াতাড়ি তা কেটে দেন। দ্বিতীয়বার ফোন বেজে উঠলে ট্রাইব্যুনালের চেয়ারম্যান প্রসিকিউটরকে মোবাইল ফোনের রিংটোন বন্ধ করতে বলেন। কিন্তু প্রসিকিউটর তা করতে না পারায় তৃতীয়বারের মতো ফোন বেজে উঠে। ওই সময় সাক্ষীকে জেরা করছিলেন আসামি পক্ষের কৌঁসুলি আহসানুল হক। তিনি আপত্তি জানিয়ে বলেন, আদালতে ইলেকট্রনিক যন্ত্রপাতি বহনে নিষেধাজ্ঞা থাকলেও মনে হচ্ছে প্রসিকিউশসনের জন্য তা প্রযোজ্য নয়। এ সময় মোবাইল ফোনসেটটি তদন্ত কর্মকর্তার হাতে দেয়া হলে সেখানেই চতুর্থবারের মতো রিংটোন বেজে উঠে। এবার শুধু আহসানুল হকই নয় আসামি পক্ষের পুরো বেঞ্চ থেকে শোরগোলসহ আপত্তি ওঠে। এ সময় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নিজামুল হক সাত মাস আগে দেয়া তার আদেশের কথা উল্লেখ করে বলেন, “আমরা বলেছিলাম কেউ আদালতে মোবাইল ফোন বহন করতে পারবে না।” কিন্তু এক সাক্ষীর কাছে মোবাইল ফোন পাওয়া গেছে এবং হয়ত তা ঘটেছে তিনি খেয়াল না করায় হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তবে যে কারণেই ঘটুক না কেন তা অগ্রহণযোগ্য বলে তিনি ইঙ্গিত করেন। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, ট্রাইবুনালে মোবাইল ফোনসেট না বহন করার আদেশ সবার জন্য প্রযোজ্য। এমনকি নিরাপত্তা কর্মকর্তা ও প্রসিকিউটররাও মোবাইল ফোনসেট বহন করতে পারবেন না। ট্রাইব্যুনালের নময়নীয়তার সুযোগ নিয়ে প্রসিকিউটরা ধারাবাহিকভাবে এ আদেশ লঙ্ঘন করে আসছেন। আদেশটি প্রথম লঙ্ঘনের ঘটনা ঘটে ১০ জুলাই আদালতে জেরার সময়। তখন প্রসিকিউটর জেয়াদ আল মালুমের মোবাইল ফোন বেজে উঠলে ট্রাইব্যুনালের চেয়ারম্যান তাকে সতর্ক করেন। বিচারপতি হক তখন বলেন, “ফোন ধরতে হলে বাইরে যান, দরজা সবসময় খোলা আছে।” সালাউদ্দিন কাদেরের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী কৌঁসুলি মালুম সে সময় সামনের সারিতে বসে ছিলেন। বিব্রত প্রসিকিউটর উঠে দাঁড়িয়ে বলেন, “মহামান্য আদালত, আমি রিংটোন বন্ধ করেছি।” এ বিষয়ে তখন কোনো কথা না বলে কার্যক্রম চালাতে থাকেন ট্রাইব্যুনাল। এর আগে ২ জুলাই আরেক প্রসিকিউটর মীর ইকবাল হোসেনের ফোন বেজে উঠলে তিনি দাঁড়িয়ে আদালতের কাছে ক্ষমা চান। কিন্তু ৩ সেপ্টেম্বর আবারও তার ফোন বেজে উঠে। দ্বিতীয়বার মোবাইল ফোন বেজে উঠলেও তা আদালত আমলে নেননি। ২৩ আগস্ট আসামি পক্ষের কৌঁসুলি আব্দুর রাজ্জাক জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের জামিনের শুনানি করার সময় আরেক প্রসিকিউটর আলতাফ উদ্দিন আহমেদের ফোন বেজে উঠে। তখন বিচারপতি হক জোর দিয়ে বলেন, তার আদেশ পুলিশ কর্মকর্তা ও প্রসিকিউটরসহ সবার জন্য প্রযোজ্য। তারা অবশ্যই আদালতে হ্যান্ডসেট আনতে পারবেন না। দর্শনার্থী ও সাংবাদিকরা নোট নেওয়ার জন্য আদালতে শুধু কলম ও কাগজ আনতে পারবেন। ইলেকট্রনিক যন্ত্রপাতির মধ্যে আদালতের কাজে ব্যবহৃত স্টেনোগ্রাফারের কম্পিউটার এবং অভিযুক্ত, আসামি, কৌঁসুলি ও বিচারকদের আলামত আদালত কক্ষে আনা যাবে। মাঝে মাঝে একটি প্রজেক্টরসহ ল্যাপটপ আদালতে আনা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এইচএএইচ/এসইউ/১৯৪১ ঘ.