কক্সবাজার, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারে বৌদ্ধ বিহারে হামলা চালিয়ে অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনায় এ পর্যন্ত ২৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রামু, উখিয়া ও টেকনাফ উপজেলায় মঙ্গলবারও ১৪৪ ধারা জারি রয়েছে বলে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আকতার।
তিনি বলেন, “বিভিন্ন থানায় ১৪টি মামলা দায়ের করা হয়েছে। ওইসব মামলায় আটকদের আদালতে প্রেরণ করা হলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠায়।”
১৪টি মামলার মধ্যে রামুতে ৬টি, উখিয়ায় ৪টি, টেকনাফে ২টি এবং কক্সবাজার সদরে ২টি মামলা হয়েছে। ওইসব মামলায় দুইশ’ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ছয়শ’ জনকে আসামি করা হয়।
ফেইসবুকে ধর্ম অবমাননার অভিযোগ এনে শনিবার রাতভর রামুতে বৌদ্ধবসতিতে হামলা চালিয়ে ৭টি বৌদ্ধ মন্দির ও প্রায় ৩০টি ঘরবাড়ি ও দোকান পুড়িয়ে দেওয়া হয়। ভাংচুর করা হয় শতাধিক বাড়ি ও দোকান। পরদিন উখিয়া ও টেকনাফে হামলা, ভাংচুর ও অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে।
কক্সবাজার সদর, টেকনাফ, উখিয়া ও রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন মঙ্গলবার ১২২ জনকে আটক করা হয়েছে।
জেলায় অতিরিক্ত পুলিশ, বিজিবি, র্যাব, সেনা বাহিনীর টহল জোরদার রয়েছে। জেলার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানায় পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এইচএ/১৯১৮ ঘ.
bdnews24