ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার রামু, উখিয়া ও চট্টগ্রামের পটিয়ায় বৌদ্ধ বসতিতে হামলা প্রতিরোধে প্রশাসন ও রাজনৈতিক দলগুলো কোনো ভূমিকা রাখেনি বলে অভিযোগ করেছেন সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা।
মঙ্গলবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ আদিবাসী ফোরামের নেতারা যৌথ সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে।
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত প্রশাসন ও গোয়েন্দা সংস্থার ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রশাসনের সামনেই এই ঘটনা ঘটেছে। এটি প্রতিরোধে কোনো রাজনৈতিক দলকে কোনো ভূমিকা পালন করতে দেখা যায়নি।”
“সরকারের মধ্যে সরকার আছে, সরকারের ভেতর ঘাপলা আছে-এজন্য এই ঘটনা ঘটেছে। অতি সা¤প্রতিক কিছু ঘটনা ২০০১ সালের সংখ্যালঘু নির্যাতনের ঘটনার দিকে যাচ্ছে”, যোগ করেন তিনি।
সংখ্যালঘু স¤প্রদায়ের উপর বিভিন্ন সময়ের হামলা ও নির্যাতদের ঘটনা সুপরিকল্পিত দাবি করে রানা বলেন, “রাত ১০টায় ফেইসবুকে স্ট্যাটাস দেওয়া হলো আর সোয়া ১০টায় গাড়িতে করে লাঠিসোটা নিয়ে আসা হয় কি করে।”
রামুর বৌদ্ধ বসতির এক যুবক ফেইসবুকে কোরআন অবমাননা করেছে এ অভিযোগে শনিবার রাতে কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দির ও ঘরবাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুর চালায় ধর্মীয় উগ্রপন্থীরা।
এরপর রোববার চট্টগ্রামের পটিয়া এবং কক্সবাজারের উখিয়ার হিন্দু ও বৌদ্ধ মন্দিরেও হামলার ঘটনা ঘটে।
সংবাদ সম্মেলনে বলা হয়, রামুতে ১২টি, উখিয়ায় চারটি, পটিয়ায় চারটি বৌদ্ধ বিহার, কোলাগাঁওয়ে তিনটি হিন্দু মন্দির এবং পাঁচশ বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে।
রানা দাবি করেন, “অগ্নিকাণ্ডের আগে ব্যাপক লুটপাট চালানো হয়েছে, বুদ্ধমূর্তি, দূর্গামূর্তি ও শিবমূর্তি ভাংচুর করা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৭০ কোটি টাকা।”
আগামী ৬ অক্টোবর সারাদেশে ‘ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুবিরোধী ষড়যন্ত্র প্রতিরোধ দিবস’ হিসাবে বিক্ষোভ মিছিল, মানববন্ধন, সমাবেশ ও স্মারকলিপি দেয়ার কর্মসূচি ঘোষণা করেন সংখ্যালঘুদের এই নেতা।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি কানতোষ মজুমদার বলেন, “আমরা পদে পদে নির্যাতনের শিকার হচ্ছি, আমাদের অস্তিত্ব রক্ষাই কঠিন হয়ে গেছে।”
মৌলবাদী গোষ্ঠীরা দেশকে মৌলবাদী রাষ্ট্রে পরিণত করতেই এ ঘটনা ঘটিয়েছে বলে মনে করেন তিনি।
সংখ্যালঘুদের ওপর এর আগে হামলা ও নির্যাতনের ঘটনায় দোষীদের শাস্তি না দেওয়ায় এসব ঘটনা ঘটছে বলে মনে করেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জিব দ্রং।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নির্মল রোজরিও প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এসইউ/১৭২০ ঘ.
bdnews24