কক্সবাজার, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারে স¤প্রদায়িক সন্ত্রাসের ঘটনায় ১৩টি মামলায় মোট আটশ’ জনকে আসামি করা হয়েছে।
ইতোমধ্যে এসব মামলায় জেলায় মোট ১১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আকতার।
কোরআন অবমাননার অভিযোগ এনে শনিবার রাতে কক্সবাজারের রামু উপজেলায় বৌদ্ধবসতিতে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুর চালায় ধর্মীয় উগ্রপন্থীরা। সাতটি বৌদ্ধ মন্দির, প্রায় ৩০টি বাড়ি ও দোকান পুড়িয়ে দেওয়া হয়।
এরপর রোববার চট্টগ্রামের পটিয়া এবং কক্সবাজারের উখিয়া ও টেকনাফে হিন্দু ও বৌদ্ধ মন্দিরে আবারো হামলার ঘটনা ঘটে।
বাবুল আকতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৌদ্ধ ও হিন্দুবসতিতে, মন্দিরে আগুন-ভাংচুর-লুটপাট- পুলিশের ওপর হামলার ঘটনায় এসব মামলা করা হয়েছে।
“এর মধ্যে রামুতে ৬টি, উখিয়ায় ৪টি, টেকনাফে ২টি ও সদর থানায় একটি মামলা করা হয়েছে।”
কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) সেলিম মো. জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৩টি মামলায় ২০০ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি রয়েছে আরো ছয়শ’ জন আসামী। তদন্তের স্বার্থে মামলার আসামিদের নাম জানাতে রাজি হননি তিনি।
তিনি জানান, সন্দেহজনকভাবে আটক ১১৮ জনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করলে বিচারক তাদেরকে জেল-হাজতে পাঠায়।
“এরমধ্যে রামুর ১৩ জন, টেকনাফের ২৩ জন, উখিয়ার ৩১ জন, নাইক্ষ্যংছড়ির ৩২ জন এবং সদর উপজেলায় ১৮ জন রয়েছে।”
সোমবার জেলার কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে রামু, উখিয়া, টেকনাফ উপজেলায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি রয়েছে বলে জানান এসপি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এসইউ/২৩২৮ ঘ.
bdnews24