ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিটফোর্ড ও বাবুবাজারে ওষুধের মার্কেটে অভিযানের সময় গোয়েন্দা পুলিশের (ডিবি) হয়রানির অভিযোগে ওষুধ ব্যবসায়ীরা সোমবার দুপুরে বিক্ষোভ করেছেন।
ভুপেন নামে এক ব্যবসায়ী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডিবি পুলিশের একটি দল বাবুবাজারের রহিম, মীর ও মোহাম্মদিয়া মার্কেটে অভিযান চালায়। এ সময় ডিবি পুলিশ মীর ও মোহাম্মদিয়া মার্কেটের দুই দোকান থেকে কিছু ওষুধ নিয়ে যায় এবং অন্য দোকান থেকে একজনকে আটক করে।
অভিযানের নামে ডিবি হয়রানি করছে এমন অভিযোগে ওই তিন মার্কেট ছাড়াও আশেপাশের মার্কেটগুলোর ব্যবসায়ীরা দোকান বন্ধ করে রাস্তায় বিক্ষোভ শুরু করেন।
তিনি জানান, বিক্ষোভকারীরা কয়েকজন ডিবি পুলিশকে মারধর করে। এ সময় পরিস্থিতি খারাপ দেখে ডিবি পুলিশ সরে যায়।
বিজয় বর্মন নামে এক দোকানদার অভিযোগ করেন, ডিবি পুলিশ প্রতি সপ্তাহে মাকের্টগুলোতে হানা দিয়ে নানা ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করে।
তবে ইকবাল নামে আরেক দোকানদার জানান, “যারা অবৈধ মালামাল বিক্রি করেন এবং বিশেষ করে ভারতের ওষুধ বিক্রি করে, শুধু তাদেরকে ডিবি পুলিশ হয়রানি করে।
বাংলাদেশ ড্রাগস এন্ড কেমিস্ট সমিতির উপ-সচিব মো. মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডিবি পুলিশ মার্কেটগুলোর দোকানদারদেরকে ভয়ভীতি দেখিয়ে টাকা-পয়সা নিয়ে যায় বলে দোকানদারা প্রায়ই সমিতি অফিসে অভিযোগ করেন। তবে আজ (সোমবার) কি হয়েছে সে ব্যাপারে দোকাদাররা সমিতিকে কিছু জানায়নি।
লালবাগ বিভাগের পুলিশের উপ-কমিশনার হারুন অর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডিবির একটি দল অভিযান চালালে মাকের্টের দোকানদাররা বিক্ষোভ করে। এ সময় ডিবি পুলিশের পরিদর্শক ফজলুসহ তিন সদস্য জামান মার্কেটে আটকে পড়লে থানা পুলিশ বিকাল ৪টার দিকে তাদেরকে উদ্ধার করে।
ডিবি পুলিশকে মারধর করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, “তিনজনের মধ্যে একজনকে কিছুটা ‘ইনজুরড’ মনে হয়েছে। সম্ভবত বিক্ষোভের সময় হুড়াহুড়ির সময় তিনি আহত হয়েছেন।”
প্রাথমিকভাবে ডিবি পুলিশের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ডিবি পুলিশের ৬ সদস্যকে ‘ক্লোজড’ করা হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশের উপ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/১৭১৫ ঘ.
bdnews24