২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পটিয়ায় মন্দিরে হামলার ঘটনায় ৩ মামলা

চট্টগ্রামের পটিয়া উপজেলায় হিন্দু ও বৌদ্ধ মন্দিরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় প্রায় তিন হাজার ব্যক্তিকে আসামি করে তিনটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2012, 09:29 AM

Updated : 24 Aug 2022, 12:14 PM

চট্টগ্রাম, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের পটিয়া উপজেলায় হিন্দু ও বৌদ্ধ মন্দিরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় প্রায় তিন হাজার ব্যক্তিকে আসামি করে তিনটি মামলা হয়েছে। ক্ষতিগ্রস্ত রত্নাঙ্কুর বৌদ্ধ বিহারের শ্রীমৎ দ্বীপানন্দ ভিক্ষু, পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন ও এসআই কামাল উদ্দিন বাদী হয়ে মামলা তিনটি দায়ের করেন। পটিয়া থানার ওসি আমিনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শ্রীমৎ দ্বীপানন্দ ভিক্ষু মামলাটি দায়ের করেন রোববার রাতে। এতে ৩৭ জনের নাম উল্লেখ করে আরো চার থেকে পাঁচশ জনকে অজ্ঞাতপরিচয় দেখিয়ে আসামি করা হয়েছে। আর এসআই জাকির হোসেন সোমবার সকালে দ্বিতীয় মামলাটি দায়ের করেন। এতে ৩৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো দেড় থেকে দুই হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। তৃতীয় মামলাটি হয়েছে দুপুরে। এতে ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দেড় থেকে দুই হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড থেকে আটক ২৬ শ্রমিকের মধ্যে ২৫ জনকে প্রথম দুই মামলায় এবং তাদের ১৪ জনকে তৃতীয় মামলায় আসামি করা হয়েছে বলে জানান ওসি। শনিবার রাতে কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দির ও বসতিতে রাতভর হামলা-ভাংচুরের পর রোববার দুপুরে কয়েকশ’ মানুষ মিছিল নিয়ে পটিয়ার লাখাড়া অভয় বৌদ্ধ বিহারে হামলা চালায়। তারা কোলাগাঁও রত্নাঙ্কুর বৌদ্ধ বিহার, কোলাগাঁও নবারুণ সংঘ দুর্গা মন্দির ও জেলে পাড়া মাতৃ মন্দিরেও হামলা হয়। অভয় বৌদ্ধ বিহারের প্রাচীন বৌদ্ধ মূর্তি ভাংচুর এবং নবারুণ সংঘ দুর্গা মন্দিরের দুর্গা প্রতিমায় অগ্নিসংযোগ করে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এএইচ/জেকে/১৫২৪ ঘ.