২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত থেকে আসছে ১০টি রেলইঞ্জিন

ভারত থেকে ১০টি ডিজেলচালিত ব্রডগেজ লোকোমোটিভ (ডিজেলচালিত ইঞ্জিন) কিনছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2012, 01:40 PM

Updated : 24 Aug 2022, 10:41 AM

ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত থেকে ১০টি ডিজেলচালিত ব্রডগেজ লোকোমোটিভ (ডিজেলচালিত ইঞ্জিন) কিনছে সরকার। সব লোকোমোটিভ আমদানিতে প্রায় ৩৫০ কোটি টাকা ব্যয় হবে। ভারতীয় এক্সিম ব্যাংকের সঙ্গে এক বিলিয়ন মার্কিন ডলার ঋণ চুক্তির আওতায় এ অর্থ সংস্থান হবে। ভারতীয় প্রতিষ্ঠান ডিজেল লোকোমোটিভস ওয়ার্কশপ লিমিটেডের তৈরি এসব রেলইঞ্জিন একই দেশের প্রতিষ্ঠান রাইটস লিমিটেড সরবরাহ করবে। আগামী ১৮ মাসের মধ্যে এসব লোকোমোটিভ বাংলাদেশে আসবে। এই বিষয়ে বাংলাদেশ রেলওয়ে ও রাইটস লিমিটেড-এর মধ্যে মঙ্গলবার একটি চুক্তি সই হয়েছে। চুক্তিতে রেলওয়ের পক্ষে রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক খলিলুর রহমান ও রাইটস-এর পক্ষে প্রতিষ্ঠানের গ্র“প ব্যবস্থাপক ভি কে জেইন সই করেন। রেলপথমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, রেলসচিব ফজলে কবির, রেলের মহাপরিচালক আবু তাহের, বাংলাদেশে ভারপ্রাপ্ত ভারতীয় হাইকমিশনার সঞ্জয় ভট্টাচার্য, রাইটস-এর নির্বাহী পরিচালক পুনীত কুমার উপস্থিত ছিলেন। এ সময় রেলওয়ের উন্নয়নে নির্ধারিত সময়ের মধ্যে লোকোমোটিভগুলো সরবরাহ করতে মন্ত্রী সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৯৩৬ ঘ.