নরসিংদী, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যা মামলার সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন করেছে জনতা।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘নরসিংদীর শোকাহত জনতা’র ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা টেলিযোগাযোগ মন্ত্রী এবং জেলা দায়রা জজ ড. মো. শাহজাহানের অপসারণ দাবি করেন।
গত বছরের ১ নভেম্বর নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান মুখোশধারীদের গুলিতে নিহত হন। লোকমানের ভাই কামরুজ্জামান ১৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
এই মামলায় ডাক ও টেলিযোগযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমদে রাজুর ভাই সালাউদ্দিন আহমেদ বাচ্চু, একান্ত সহকারী (এপিএস) মুরাদসহ অধিকাংশই আওয়ামী লীগ নেতাকর্মী।
ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে শহরের বিভিন্ন শ্রেণী-পেশার কয়েকশ’ মানুষ অংশ নেয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন নরসিংদী জেলা শ্রমিক ফেডারেশনের উপদেষ্টা ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এস এম কাইয়ুম, নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও নরসিংদী সরকারি কলেজের ভিপি শামীম নেওয়াজ, ইঞ্জিনিয়ার ভূঁইয়া সোহেল প্রমুখ।
তারা বলেন, লোকমান হত্যার বিচার নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে কিন্তু নরসিংদীবাসী সকল ষড়যন্ত্রকে রুখে দেবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস
bdnews24