২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পাচারকালে দিনাজপুরে চার শিশু উদ্ধার

ভারতে পাচারের সময় দিনাজপুরের বিরামপুর থেকে চার শিশুকে উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2012, 10:50 AM

Updated : 24 Aug 2022, 10:41 AM

দিনাজপুর, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতে পাচারের সময় দিনাজপুরের বিরামপুর থেকে চার শিশুকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে চার শিশুকে বিরামপুর হাসপাতাল মোড় থেকে উদ্ধার করা হয় বলে জানান থানার ওসি নাসিরউদ্দিন মণ্ডল। উদ্ধার হওয়া শিশুরা হলো- মো. আল আমিন (৭), মো. আশরাফুল (৬), রাসেল (৭) এবং মো. করিম (৮)। এদের মধ্যে দু’জন ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে থাকতো। বাকী দু’জন তাদের ঠিকানা না বলতে পারলেও তারা স্টেশনের আশপাশেই থাকতো বলে জানায় পুলিশকে। ওসি নাসিরউদ্দিন মণ্ডল মঙ্গলবার সাংবাদিকদের জানান, ভারতে নিয়ে যাওয়ার কথা বলে আইজুল ইসলাম নামের এক ব্যক্তি চারদিন আগে চার শিশুকে দিনাজপুরের হিলিতে নিয়ে আসে। আইজুল হিলি সীমান্ত দিয়ে কয়েকবার চারজনকে ভারতে পাচারের চেষ্টা করে। কিন্তু না পেরে সোমবার অন্য ব্যক্তির মাধ্যমে তাদের বিরামপুর পাঠায়। “হাসপাতাল মোড়ে অপরিচিত ব্যক্তির সঙ্গে চার শিশুকে দেখে সন্দেহ হলে স্থানীয় লোকজন পুলিশকে জানায়। পুলিশ তখন চার শিশুকে উদ্ধার করে থানায় নিয়ে আসে”, বলেন ওসি। পাচারকারী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বলে পুলিশের ধারণা। এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে একটি মামলা করেছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৬৪৪ ঘ.